দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে মতপার্থক্য দূর করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে ‘কাজ করবে’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এ চুক্তির বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে, যা কোনো দেশের জন্যই ভালো হচ্ছে না। তাই দুদেশের অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যার সমাধান আন্তর্জাতিক নিয়ম মেনে করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস তিস্তা চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। গত রবিবার ঢাকায় নেওয়া ওই সাক্ষাৎকারের কিছু অংশ গত বৃহস্পতিবার প্রকাশ করে পিটিআই। আর গতকাল শুক্রবার প্রকাশ করে আরও কিছু অংশ। সেখানে তিস্তার পানিবণ্টন ছাড়াও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পুনরুজ্জীবন হওয়া দরকার বলে মন্তব্য করেছেন তিনি।
পানিবণ্টনের বিষয়ে ড. ইউনূস বলেন, বাংলাদেশের মতো ভাটির দেশগুলো কতটা পানি পাবে, তার সুনির্দিষ্ট অধিকার তাদের আন্তর্জাতিক আইনে দেওয়া আছে, যা সমুন্নত রাখা প্রয়োজন। তার ভাষ্য, পানিবণ্টনের বিষয়টি ঝুলিয়ে রাখার ফলে কোনো লাভ হচ্ছে না। আমি যদি জানি আমি কতটুকু পানি পাব, তাহলে সেটি আমার জন্য ভালো হবে। এমনকি পানির পরিমাণ নিয়ে আমি যদি সন্তুষ্ট নাও হই, তারপরও সেটা জানা আমার দরকার। এই সমস্যার সমাধান হতে হবে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্রুত তিস্তা চুক্তি করার জন্য ভারতকে চাপ দেবে কি না, সেই প্রশ্নের জবাবে ইউনূস বলেন, ‘চাপ’ একটি বড় শব্দ। আমি এটা বলছি না। তবে আমরা চাইব। আমাদের একসঙ্গে বসে সমাধান করতে হবে।
২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগে দুদেশের পানিসম্পদ মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে দুপক্ষ একমত হয়েছিল।
মনমোহন সিংয়ের সফরেই বহু প্রতীক্ষিত তিস্তার পানিবণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা আটকে যায়। মমতার ভাষ্য হলোÑ তার রাজ্যেই পানির সংকট রয়েছে। তার পর থেকে নরেন্দ্র মোদির বিজেপি সরকার থেকে তিস্তা চুক্তি নিয়ে আশার কথা শোনা গেলেও মমতার মত বদলায়নি। ফলে দুদেশের মধ্যে গত এক যুগে অধিকাংশ বৈঠকেই তিস্তার প্রসঙ্গ আলোচনায় এসেছে।
সাক্ষাৎকারে ইউনূস বলেন, তিস্তার পানিবণ্টন নতুন কোনো বিষয় নয়, খুবই পুরনো বিষয়। আমরা বিভিন্ন সময়ে বেশ কয়েকটি অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেছি। এই আলোচনা শুরু হয়েছিল পাকিস্তান আমল থেকে। আমরা সবাই চেয়েছিলাম চুক্তিটি চূড়ান্ত রূপ পাক। এমনকি ভারত সরকারও প্রস্তুত ছিল। তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এর জন্য তৈরি ছিল না। তিনি বলেন, বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর নির্দিষ্ট অধিকার সমুন্নত রাখতে হবে।
এদিকে বাংলাদেশের পূর্বাঞ্চলের বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকার সংবাদমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে পিটিআইকে ইউনূস বলেন, চুক্তি সইয়ের আগে এ ধরনের একটি সংকট মোকাবিলায় একটা মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যেতে পারে। তিনি বলেন, ভারতীয় হাইকমিশনার যখন আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, আমি বলেছি, বন্যার সময় পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেই লক্ষ্যে আমরা আরেকটু ভালো ব্যবস্থাপনার ওপর কাজ করতে পারি এবং এ ধরনের দুর্যোগ সংশ্লিষ্ট সমস্যারও সমাধান পারি। দুদেশের মধ্যে এমন সমন্বয়ের ক্ষেত্রে কোনো চুক্তির প্রয়োজন নেই। মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যা সমাধানে আমরা একসঙ্গে কাজ করতে পারি। কারণ তাতে করে গণমানুষের দুর্দশা লাঘব হবে। এ ধরনের মানবিক পদক্ষেপ সত্যিকার অর্থেই সহায়তা করবে।
সাক্ষাৎকারে সীমান্ত হত্যার নিন্দা জানিয়ে ইউনূস বলেন, কাউকে হত্যা করা কোনো সমাধান বয়ে আনে না। কারণ এই সমস্যা মোকাবিলার আইনি উপায় হাতে রয়েছে। এটা (সীমান্ত হত্যা) একতরফা ব্যাপার। আপনার দেশ দখলের জন্য কেউ সীমান্ত অতিক্রম করছে না। সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।
এদিকে ওই সাক্ষাৎকারে সার্ক চেতনার পুনরুজ্জীবন হওয়া দরকার বলে মন্তব্য করেছেন ড. ইউনূস। তিনি বলেছেন, আট জাতির এ জোট আঞ্চলিক অনেক সমস্যার সমাধান করতে পারে। একটি মহৎ উদ্দেশ্যে সার্ক প্রতিষ্ঠিত হলেও এটি এখন শুধু কাগজেই সীমাবদ্ধ এবং এটি এখন কাজ করছে না।
অধ্যাপক ইউনূস বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন তিনি। সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সার্ক রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও একটি ফটোসেশনে যোগ দেওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি। এ বিষয়ে তিনি বলেন, নিশ্চয়ই, আমরা সাক্ষাতের চেষ্টা করব (ড. ইউনূস ও নরেন্দ্র মোদি)। যদি সার্কের সব রাষ্ট্রপ্রধান একত্র হন ও ফটোসেশনে অংশ নেন, আমি চেষ্টা করব (তাদের সঙ্গে সাক্ষাতের)। সার্ক এক মহৎ উদ্দেশ্যে গঠিত হলেও এটি এখন শুধু কাগজে সীমাবদ্ধ এবং এটি এখন কাজ করছে না। আমরা সার্কের নাম ভুলে গেছি; আমি সার্কের চেতনার পুনরুজ্জীবন ঘটানোর চেষ্টা করছি। ড. ইউনূস বলেন, দীর্ঘদিন সার্ক শীর্ষ সম্মেলন হয়নি। আমরা যদি একত্র হতে পারি, তবে অনেক সমস্যার সমাধান হবে। তিনি বলেন, সার্কের অনুরূপ লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এ জোট অনেক কিছু অর্জন করেছে। একই রকম অর্জন এখনো করতে পারেনি সার্ক।
এদিকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর ঢল নামা প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, মিয়ানমারকে তার দেশের নাগরিকদের ফেরত নিতে রাজি করাতে ভারতের সহায়তা চাইবেন তিনি। এ সংকট সমাধানে ভারত ও চীন দুই দেশেরই সহায়তা ঢাকার প্রয়োজন বলেও ড. ইউনূস উল্লেখ করেন। তিনি বলেন, এ সংকট সমাধানে আমাদের ভারত ও চীনের সহায়তা দরকার। বাংলাদেশে ১০ লাখের মতো রোহিঙ্গা এসেছেন। এ জনগোষ্ঠীর আকার বাড়ছে। বাংলাদেশের অর্থনীতিতে এটি মারাত্মক চাপ তৈরি করছে। কিছু দেশ তাদের গ্রহণ করছে, কিন্তু সেটি স্বল্প সংখ্যায়। মিয়ানমারের সঙ্গে ভারতের যেহেতু সুসম্পর্ক আছে, তাই দেশটিকে নিজেদের নাগরিকদের ফেরত নিতে রাজি করাতে ভারতের সহায়তা আমাদের প্রয়োজন।
