তিন ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়ক হতে যাচ্ছেন রিজওয়ান?

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম

দীর্ঘদিন ধরে ফর্মে নেই বাবর আজম। কোনো ফরম্যাটেই তার ব্যাটে রান নেই। সদ্য সমাপ্ত বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়া টেস্ট সিরিজে একটা ফিফটিও করতে পারেননি। ফর্মে ফিরতে বাবরকে বিয়ে করারও পরামর্শ দিয়েছেন সাবেক ক্রিকেটার বাসিত আলী। এবার শোনা যাচ্ছে, বাবরকে সাদা বলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তার জায়গায় নেতৃত্বে আসতে পারেন মোহাম্মদ রিজওয়ান।

বাবরকে ঘিরে এই গুঞ্জন ছড়ায়, পাকিস্তানের জাতীয় টুর্নামেন্ট চ্যাম্পিয়নস কাপের কোনো দলে তাকে নেতৃত্বে না রাখায়। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ‘জিও নিউজ’ দাবি করেছে, এই টুর্নামেন্টে বাবরের অধিনায়ক না থাকাই ইঙ্গিত করে জাতীয় দলের অধিনায়ক হিসেবে তিনি আর বেশি দিন নেই। চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের আগে নতুন অধিনায়ক নিয়োগের সম্ভাবনা আছে।

গত বছরের ওয়ানডে বিশ্বকাপে চরম ব্যর্থতার পর তিন সংস্করণের নেতৃত্ব থেকে বাধ্য হয়ে সরে দাঁড়িয়েছিলেন বাবর। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় শাহিন আফ্রিদিকে। এরপর পিসিবির ক্ষমতার পালাবদল হতেই মাত্র এক সিরিজ পর শাহিনকে সরিয়ে ফের বাবরকে সাদা বলের দায়িত্ব দেওয়া হয়। তার অধীনে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় পাকিস্তান।

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে চরম ব্যর্থ হয়েছেন বাবর। তার সর্বোচ্চ রান ছিল ৩১। একইসঙ্গে টেস্ট অধিনায়ক শান মাসুদও এই সিরিজে ব্যর্থ ছিলেন। টেস্টে তার ব্যাটিং গড় মাত্র ২৮.৫৩। এ কারণে দলে তার জায়গা পাওয়া নিয়েই প্রশ্ন উঠে গেছে। তাছাড়া ড্রেসিংরুম সামলাতেও শান মাসুদ ব্যর্থ হয়েছেন বলে দেশটির গণমাধ্যম বলছে। তাই তিন ফরম্যাটেই আধিনায়ক হতে পারেন রিজওয়ান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত