বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং (নিউরো রেডিওলজি) বিভাগের শিক্ষক। শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অতিরক্তি রেজিস্ট্রার-১ ডা. মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি এন্ড ইমেজিং (নিউরো রেডিওলজি) বিভাগের শিক্ষক ডা. মো. নজরুল ইসলামকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব প্রদান করা হলো।
অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ঢাকা বোর্ডের অধীনে ১৯৮৪ সালে এসএসসি, ১৯৮৬ সালে এইচএসসি পাশ করেন। তিনি ১৯৯৪ সালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনে তিনি এফসিপিএস, এমডি (ডক্টর অব মেডিসিন) এবং এমফিল ডিগ্রি অর্জন করেছেন।
শিক্ষকতার মহতী জীবনে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে নিউরো রেডিওলজি বিষয়ে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং বর্তমানে অধ্যাপক হিসেবে নিয়োজিত রয়েছেন। অধ্যাপক ডা মো. নজরুল ইসলামের দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে ইনডেক্সড ও নন-ইনডেক্সডসহ ৩৬টি পাবলিকেশন রয়েছে। বাংলাদেশ, সিঙ্গাপুর, জার্মানিসহ অনেক দেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সম্মেলনে তিনি অংশ নেন। আল্ট্রাসাউন্ড, এক্সরে, সিটিস্ক্যান অ্যান্ড এমআরআই রিপোর্ট প্রদানে বিশেষজ্ঞ মো. নজরুল ইসলাম তার কর্মজীবনে হবিগঞ্জের আধুনিক সরদার হসপিটালে মেডিক্যাল অফিসার হিসেবে কাজ করেছেন। অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম তার বর্ণাঢ্য কর্মজীবনে পরীক্ষক ও থিসিস গাইড হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
