সেই কলেজছাত্রের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৯ এএম

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে খুলনার সেই কলেজছাত্র উৎসব মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খুলনা সদর থানার ওসি (তদন্ত) নিমাই চন্দ্র কু-ু মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সাইবার নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেছেন নাসির হোসেন নামের এক ব্যক্তি।

ওসি নিমাই চন্দ্র কু-ু জানান, গত ৫ সেপ্টেম্বর রাতে অভিযুক্ত কলেজছাত্রের বিরুদ্ধে অভিযোগ আসে। প্রাথমিক যাচাই-বাছাই করে অভিযোগটি সাইবার নিরাপত্তা আইনে নথিভুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, উৎসব মণ্ডল নামের ওই কলেজছাত্র মহানবী (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করেন। গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার দিকে কয়েকজন ছাত্র তাকে ধরে নগরীর সোনাডাঙ্গায় অবস্থিত খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ে নিয়ে যায়। সেখানে তার মোবাইল যাচাই করা হয়।

তখন উৎসব জানান, ৩ সেপ্টেম্বর একটি পোস্টে তিনি ক্ষুব্ধ হয়ে একটি মন্তব্য করেছিলেন। পরে ভুল বুঝতে পেরে সেটি মুছে দিয়েছেন। কিন্তু কয়েকজন সেই মন্তব্যটির স্ক্রিনশট রেখে দেন এবং তা ছড়িয়ে দিয়ে তাকে বিপদে ফেলেন।

এদিকে বিষয়টি জানাজানি হলে লোকজন উপপুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। উত্তেজিত জনতা কটূক্তিকারীকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বিক্ষোভ করেন।

খবর পেয়ে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে তারা ওই ভবনের ভেতর ঢুকে পরে ওই যুবককে পিটিয়ে আহত করেন। এরপর সেনা সদস্যরা জনতার রোষানল থেকে তাকে উদ্ধার করেন। যুবকটি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার উন্নতির দিকে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত