উপাচার্য নিয়োগের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন তাঁরা।
সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘স্বৈরাচারী সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবাজ ভিসিকে পদত্যাগে বাধ্য করি। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীরা সেশনজটে পড়তে যাচ্ছে। তাই আমরা উপাচার্য নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছি।’
তিনি আরও বলেন, ‘আমরা এমন একজন ভিসি চাই, যিনি শিক্ষাবান্ধব এবং শিক্ষার্থীবান্ধব হবেন। আমরা দুই দিনের আল্টিমেটাম দিয়েছি। এ সময়ের মধ্যে ভিসি নিয়োগ না দিলে আমরা কঠোর আন্দোলনে যাব।’
সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। হলের আসন বরাদ্দ ও হচ্ছে না। এজন্য আমরা দ্রুত সময়ের মধ্যে উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, শিক্ষার্থীদের তোপের মুখে গত ১২ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের পদত্যাগ করেন। ফলে এক মাস উপাচার্য ছাড়াই চলছে দেশের অন্যতম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়টি।
শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে অশ্রুসিক্ত ড. ইউনূস