সন্তান নাকি সিনেমা— কোনটি বেছে নেবেন দীপিকা?

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বর্তমানে হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় তারকা। তিনি ২০০৬ সালে কন্নড় সিনেমা ‘ঐশ্বরিয়া’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন এবং পরের বছর ফারাহ খানের ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। ‘পিকু’, ‘পদ্মাবত’, ‘বাজিরাও মাস্তানি’র মতো সিনেমায় কাজ করেছেন দীপিকা।

এ অভিনেত্রী গত কয়েক বছর চুটিয়ে প্রেমের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর রণবীর সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই জুটি তাদের প্রথম সন্তানের ঘোষণা করেন। সবাই যখন ভেবেছিল দীপিকার ক্যারিয়ার কিছু সময়ের জন্য পিছিয়ে যাবে, তখন তিনি তাদের ভুল প্রমাণ করেন। অভিনেত্রী তার চলচ্চিত্র ‘সিংহাম এগেইন’-এর শুটিং শেষ করেছেন এবং ‘কল্কি এডি ২৮৯৮’ এর প্রচারে সক্রিয়ভাবে অংশ নেন।

সম্প্রতি জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’ সিজন ৬-এর প্রথম এপিসোডে আলিয়া ভাটের সঙ্গে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। র‌্যাপিড-ফায়ার রাউন্ড চলাকালীন সঞ্চালক করণ জোহর দীপিকাকে বাচ্চা এবং সিনেমার মধ্যে একটিকে বেছে নিতে বলেন। উত্তরে দীপিকা বলেন তিনি দুটোই বেছে নেবেন।

এর আগে টাইমস নাও-এর এক প্রতিবেদনে বলা হয়, দীপিকা ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজন প্রত্যাখ্যান করেছেন। কারণ তিনি তার সন্তানকে সময় দিতে চান। অভিনেত্রী শিগগিরিই কোনো কাজে ফিরবেন না এবং তিনি তার বাচ্চাকে লালনপালনের দিকে মনোনিবেশ করবেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দীপিকা তার সন্তানের জন্য কোনো আয়া নিয়োগ করবেন না এবং এমনকি রণবীরকেও কাজ ভাগ করে নিতে দেবেন না কারণ তিনি নিজেই সবকিছু করতে চান।

এদিকে জানা গেছে, প্রথম সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। রবিবার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন এ অভিনেত্রী। গতকাল বিকেলে মুম্বাইয়ের ওই হাসপাতালের সামনে পরিবারসহ দেখা গেছে দীপিকাকে। সেসময় দীপিকার সঙ্গে গাড়িতে ছিলেন অভিনেত্রীর মা। গাড়িতে না থাকলেও হাসপাতালে ঢোকার সময় অভিনেত্রীর সঙ্গেই ছিলেন রণবীর সিং। এর আগে জানানো হয়েছিল দীপিকা-রণবীরের সন্তান ২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে। তার আগেই সন্তান জন্ম দিলেন অভিনেত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত