তাজুল ইসলাম বললেন

গণহত্যার তথ্য-প্রমাণ সংগ্রহে কাজ শুরু করেছে তদন্ত সংস্থা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে গণহত্যা চালানো হয়েছে তার তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে তদন্ত সংস্থা। আজ রবিবার বিকেলে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে বর্বর সেই ঘটনার বিভিন্ন দিক জানতে চান তিনি। ন্যায়বিচার পাওয়ার আশ্বাসও দেন ভোক্তভোগীদের।

তিনি বলেন, নিষ্ঠুরতার সঙ্গে যে গণহত্যা চালানো হয়েছে সে প্রমাণগুলো সংগ্রহের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো। সুষ্ঠু বিচার নিশ্চিতে জনগণকে তথ্য-প্রমাণ দিয়ে সহায়তার আহ্বান জানান তিনি।

রোগীদের দেখে বেরিয়ে যাওয়ার সময় তাজুল ইসলাম সাংবাদিকদের বলন, ট্রাইব্যুনালের প্রসিকিউটর টিম আজ প্রথম দায়িত্ব গ্রহণ করেছে। চিফ প্রসিকিউটর ও চারজন প্রসিকিউটর জয়েন করেছেন। আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো গণহত্যার যে অভিযোগ, সেই অভিযোগের স্বপক্ষে যে তথ্যপ্রমাণ আছে এগুলোকে সংরক্ষণ করা। সবকিছু কালেক্ট করে মামলার উপযুক্ত করা। সেই কাজটা আনুষ্ঠানিকভাবে আজ শুরু করলাম।

তিনি বলেন, আমাদের একটা তদন্ত সংস্থা আছে, এতদিন এটার ফাংশনাল ছিল না। আমরা আজ নিয়োগপ্রাপ্ত হয়ে প্রথমেই শুরু করেছি ঢাকা মেডিকেলে যারা এখনও চিকিৎসাধীন তাদের কী অবস্থা জানার জন্য। এদের প্রায় সবারই শরীরে গুলি লেগেছে। ভাগ্যক্রমে তারা বেঁচে গেছেন। এর মধ্যে একজন শিশু আছে যার দুই পায়ে গুলি লেগেছে। এটা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।

তাজুল ইসলাম বলেন, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখলাম তাদের অবস্থা, তাদের বক্তব্য শুনলাম কিভাবে ঘটনাগুলো ঘটেছে। কতটুকু ক্ষতি হয়েছে, কিভাবে গুলি লেগেছ, কারা গুলি করছে, সেই কাজটা আমরা শুরু করেছি, এটা চলতে থাকবে। দেশবাসীর কাছে অনুরোধ যারা আন্দোলনের সময় পুলিশের দ্বারা অথবা রাষ্ট্রের দ্বারা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা আমাদের তদন্ত সংস্থাকে তথ্য প্রমাণ দিয়ে সহযোগীতা করুন। যাতে সুষ্ঠু বিচার করতে পারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত