হেফাজত থেকে যুবলীগ নেতা উধাও, ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম

লোহাগাড়া থানা পুলিশের হেফাজত থেকে সাইফুল ইসলাম নামে স্থানীয় যুবলীগের এক নেতা পালানোর ঘটনায় ওই থানার ভারপ্রাপ্ত কর্মকতার্সহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। আরিফুর রহমান নামে এক পুলিশ পরিদর্শককে ওই থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 প্রত্যাহার হওয়া চার পুলিশ সদস্য হলেন—ওসি মো. রাশেদুল ইসলাম, ডিউটি অফিসার আমির হোসেন, এসআই নাছিমা আক্তার ও কনস্টেবল মো. এনামুল হক। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ সংক্রান্ত আদেশ জারি করেন জেলার পুলিশ সুপার রায়হান উদ্দিন খান।

এর আগে আজ সকাল ৯টার দিকে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান সাইফুল। তিনি (সাইফুল) লোহাগাড়ার কলাউজান বলিপাড়া গ্রামের নজির আহমদের ছেলে। তার বিরুদ্ধে থানায় চুরি, চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, এলাকায় চাঁদাবাজি, অত্যাচার নিপীড়নসহ নানা অভিযোগে করা একাধিক মামলার আসামি সাইফুলকে সোমবার সকালে ৮টার দিকে তার বাড়ি থেকে ধরে মারধরের পর পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। কিন্তু তিনি থানা থেকে কৌশলে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। 

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা যুবলীগ নেতা সাইফুলকে ধরে থানায় হস্তান্তর করেন। সে কৌশলে থানা থেকে পালিয়ে গেছে। তাকে  গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দায়িত্বে অবহেলায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত