বিএনপি স্বৈরাচারের মতো আচরণ করতে চায় না। গত ১৭ বছরে আওয়ামী লীগ যে ভুল করেছে সে ভুল বিএনপি করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
তিনি বলেন, আমরা কোন প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না, আমরা চাই না কোন বাবা যেন তার সন্তানকে এভাবে হারাতে। আমরা চাই না আর কোন মায়ের বুক খালি হোক। আমরা চাই বাংলাদেশে এখন থেকে কোন চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি আর চলবে না। কারণ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, দুস্কৃতকারী যদি আমার দলের লোকও হয় বা এই ধরনের কোন কার্যকলাপের সহিত জড়িত থাকে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হবে। কারন বিএনপি স্বৈরাচারের মতো আচরণ করতে চায় না। গত ১৭ বছরে আওয়ামী লীগ যে ভুল করেছে সে ভুল বিএনপি করবে না।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তার পক্ষে বগুড়ার শিবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত ও আহত পরিবারের খোঁজ খবর এবং আর্থিকভাবে সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।
ছাত্র-জনতার গণআন্দোলনে হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জে নিহত সেলিম মাস্টার ও শ্রমিকদল নেতা রণির পরিবার এবং আহতদের সাথে দেখা করে তাদের পরিবারের খোঁজ খবর ও আর্থিকভাবে এ সহায়তা করা হয়।
আমিনুল হক বলেন, আজকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। বাংলাদেশে যাতে একটা সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি হয়, এই বিষয়টি নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন এবং তিনি বলছেন, বাংলাদেশের জনগণের যে প্রত্যাশিত গনতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এবং বাংলাদেশের মাটিতে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং সেই সরকার জনগণের কথা মতো চলবে। থাকবে জনগণের কাছে তার জবাবদিহিতা।
জাতীয় ফুটবল দলের সাবেক এ অধিনায়ক বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে আমাদের বহু ভাইদের গুম খুন ও হত্যা করেছে। ছাত্র এবং জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের প্রেত্মারা যেভাবে ছাত্র জনতা এবং বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি করে হত্যা করা হয়েছে। আমরা সকলেই স্বৈরাচার শেখ হাসিনাসহ তার আজ্ঞাবহ দোসরদের বিচার দাবি করি। শেখ হাসিনার বিচারের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
