শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিতর্ক। অর্থনীতি, কর্মসংস্থান, গর্ভপাত, ইসরায়েল, ইউক্রেন-রাশিয়াসহ নানা ইস্যু উঠে এসেছে বিতর্কে। নানা বিষয়ে একে অপরকে করেছেন বাক্যবাণে জর্জরিত, দোষারোপ।
বিতর্কে ইউক্রেন ইস্যুতে বক্তব্য, পাল্টা বক্তব্য দেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। সে সময় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করেন ট্রাম্প। খবর বিবিসি।
বিতর্কে বাইডেনকে উদ্দেশ করে ট্রাম্পের কড়া সমালোচনার জবাব দেন কমলা হ্যারিস। প্রতিক্রিয়ায় ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘নির্বাচনে আপনি বাইডেনের বিরুদ্ধে লড়ছেন না, আপনি লড়ছেন আমার বিরুদ্ধে।’
বিতর্কের একপর্যায়ে রাশিয়া–ইউক্রেন ইস্যুতে এক প্রশ্নের জবাবে কমলা বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে তার জোরালো সম্পর্ক রয়েছে।
ট্রাম্পকে উদ্দেশ করে কমলা বলেন, ‘আপনি এখন আর প্রেসিডেন্ট নেই—এতে আমাদের ন্যাটো (পশ্চিমা সামরিক জোট) মিত্ররা খুবই কৃতজ্ঞ। অন্যথায় পুতিন কিয়েভে (ইউক্রেনের রাজধানী) বসে ইউরোপের বাকি অংশের ওপর নজরদারি করতেন।
এ সময় ভাইস প্রেসিডেন্ট কমলা বলেন, ‘পুতিন একজন স্বৈরশাসক। তিনি সহজেই আপনাকে (ট্রাম্প) দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলবে।‘
কমলার বক্তব্যের পর ট্রাম্প তাকে (কমলাকে) ইতিহাসের সবচেয়ে খারাপ ভাইস-প্রেসিডেন্ট বলে অভিহিত করেন এবং দাবি করেন যে তিনি (কমলা) ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার মাধ্যমে যুদ্ধ প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছেন।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৭টায়) মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে বিতর্কটি শুরু হয়।
আগামী পাঁচ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে কমলা ও ট্রাম্পের এই বিতর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
ডেমোক্রেটরা নয় মাস গর্ভাবস্থায় গর্ভপাতের অধিকার দিতে চায়: ট্রাম্প