বার্সার পঞ্চম কাপ্তান ‘গডফাদার’ পেদ্রি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১ পিএম

ইউরোপের ক্লাব ফুটবলের ২০২৪-২৫ মৌসুম শুরু হয়ে গেছে কদিন আগেই। একটু দেরি করেই এবারের মৌসুমের ক্যাপটেনের আর্মব্যান্ড থাকবে কাদের হাতে সে তালিকা দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মৌসুমে মাঠে নেতৃত্ব দেওয়ার জন্য পাঁচজনকে বেছে নিয়েছে কর্তৃপক্ষ। আর সেই তালিকায় পাঁচ নম্বরে আছেন বার্সার তরুণ ফুটবলারদের ‘গডফাদার’ পেদ্রি।

সার্জি রবার্তোর বিদায়ে স্বভাবতই বার্সার নেতৃত্বভার গিয়ে পড়েছে মার্ক-আন্দ্রে টার স্টেনের ওপরে। তিনিই এ মৌসুমে বার্সেলোনার প্রথম অধিনায়ক। রোনাল্ড আরাউহো এবং ফ্রাঙ্কি ডি ই্য়ং যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অধিনায়ক। চতুর্থ ও পঞ্চম অধিনায়ক হিসেবে নেতাদের এই দলে যোগ হয়েছে দুই নতুন নাম। এ মৌসুমে বার্সার চতুর্থ অধিনায়ক রাফিনহা। আর সবচেয়ে অনুজ হিসেবে পঞ্চম অধিনায়ক হয়েছেন ২১ বছর বয়সী পেদ্রি।

দ্যা অ্যাথলেটিকের এক বিশদ প্রতিবেদন অনুসারে বার্সার ড্রেসিংরুমের দাবি নিজের শান্ত এবং ওজনদার স্বভাবের জন্য বার্সেলোনায় গাভি, লামিন ইয়ামালদের মতো সব তরুণ খেলোয়াড়দের কাছে পেদ্রি হয়ে উঠেছেন ‘বড় ভাই’ কিংবা ‘গদফাদার’চরিত্র হিসেবে।

একই সঙ্গে ক্লাবের সব জ্যেষ্ঠ খেলোয়াড়দের সঙ্গেও পেদ্রির বন্ধনটা বেশ জোরালো। ২০২০ সালে লাস পালমাস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার অল্প সময়ের মধ্যেই মেসি ও বুসকেটসের মতো জ্যেষ্ঠ তারকাদের সঙ্গে ভাব জমিয়ে নিয়েছিলেন তিনি। মাত্র ২১ বছর বয়সে পেদ্রি যে ধরনের যোগ্যতা ও পরিপক্কতা প্রদর্শন করেছেন সেটিই তাকে দলকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় পৌঁছে দিয়েছে। বার্সার সিনিয়র ও জুনিয়রদের মধ্যে পেদ্রি যেন গড়েছেন সেতুবন্ধন।

আগের মৌসুমে ইনজুরির সঙ্গে লড়াই চালালেও এবার তিনি পুরোপুরি ফিট। মৌসুমের শুরুটাও করেছেন দুর্দান্তরূপে। ৪ ম্যাচের সবগুলো জিতেছেন, করেছেন ১ গোল। আর এমনটা চলতে থাকলে অতি শিগগিরই বার্সেলোনার প্রথম অধিনায়ক হিসেবে ‘গডফাদার’ পেদ্রির নাম ঘোষিত হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত