পঞ্চগড়ের আটোয়ারী

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৮ পিএম

পঞ্চগড়ের আটোয়ারীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান এবং কলেজ পরিচালনা কমিটির সভাপতি তৌহিদুল ইসলামকে আসামি করে মামলা করেন মাহফুজা আক্তার (৫২) নামে এক ভুক্তভোগী।

মামলা সূত্রে জানা যায়, মাহফুজা আক্তারকে আটোয়ারী আদর্শ মহিলা কলেজের আয়া পদে চাকরি দিতে সাড়ে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন সভাপতি ও অধ্যক্ষ। চাকরি দেওয়ার কথা বলে তারা কলেজের নামে প্রায় সাড়ে সাত লাখ টাকা মূল্যের ১৫ শতক জমি রেজিস্ট্রি করে নেন। সেইসঙ্গে কলেজে কল্যাণ তহবিলের নামে ৩ লাখ ৩০ হাজার টাকা মাহফুজার কাছে চাওয়া হয়। চলতি বছরের ২৫ মে মাহফুজা আক্তার অধ্যক্ষ ও সভাপতিকে ৩ লাখ ৩০ হাজার দেওয়ার পর তাকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু চাকরি পাওয়ার কয়েক মাস হলেও বেতন না পাওয়ায় সভাপতি ও অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি। বরং গত ৪ সেপ্টেম্বর বেতনের কথা জিজ্ঞাস করলে অধ্যক্ষ উত্তেজিত হয়ে মাহফুজা আক্তারকে চাকরি ছেড়ে দিতে বলে। বেশি বাড়াবাড়ি করলে জীবননাশের হুমকিও দেন। উপায় না পেয়ে মাহফুজা আদালতে মামলা করেন। গত ৮ সেপ্টেম্বর মামলা দায়েরের পর আদালত অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা) তদন্ত করে আগামী ২৬ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম একাধারে আটোয়ারি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মান্নান জানান, এই ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে সংক্ষুব্ধ হয়ে এই মামলা করেছেন। তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত