দেশের স্টেডিয়ামগুলো জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সম্পত্তি। প্রতিটি স্টেডিয়ামের গ্যালারি কিংবা অবকাঠামোর বাইরের দিকগুলোয় তৈরি হওয়া দোকানগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠে স্টেডিয়াম মার্কেট। যার ভাড়া এনএসসি তথা সরকারের আয়ের একটি উৎস। আজ হঠাৎ করেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটে পরিদর্শনে আসেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ক্রীড়াঙ্গণের চলমান সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রত্যক্ষ অভিজ্ঞতা নেন তিনি। পরিদর্শনের কারণ সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘আমি হালনাগাদ চিত্রটি দেখতে এলাম। বাস্তবে না এলে অনেক তথ্যে ত্রুটি থেকে যায়। তাই দেখার চেষ্টা করলাম। আমাদের সরকারি খাতায় এ দোকানগুলোর ভাড়া প্রতি বর্গফুটে ২৬ টাকা। আমি প্রাথমিকভাবে কিছু বিষয় দেখলাম। গড়ে উনারা (ব্যবসায়ীরা) ২১৭-২২০ টাকার মতো ভাড়া দেন। অতিরিক্ত টাকাগুলো কোথায় যায় এটা আমাদের বের করতে হবে। এবং এগুলোর সঙ্গে আমাদের মন্ত্রণালয় বা এনএসসির কেউ জড়িত কি না সেটাও আমরা খতিয়ে দেখবো। এখানে প্রায় ১ হাজারের মতো দোকান আছে। এছাড়াও অন্যান্য স্টেডিয়ামগুলোতে আমাদের দোকান আছে। সেগুলো কোন অবস্থায় আছে তার একটা জরিপ আমরা করবো।’
এ পরিস্থিতির কেমন বদল আসতে যাচ্ছে সে বিষয়েও ধারণা দেন তিনি, ‘পুরো দেশে এমন স্থাপনাগুলোতে ভাড়ার ব্যাপারেও আমরা একটা সাধারণ সিদ্ধান্তে আসবো। বর্গফুটে ২২ বা ২৬ টাকা ভাড়া মান্ধাতার আমলের। এ জন্য অনেকেই সাবকন্ট্রাক্টে দিয়ে দেন। আমাদের অনেক ফেডারেশন টাকার অভাবে সুষ্ঠুভাবে চলতে পারছে না। জরিপ করার পর বাজার যাচাই করে ওই অনুযায়ী নির্ধারণ করে আবার নতুন করে ভাড়া দেবো। এটা আমাদের প্রাথমিক ভাবনা। দ্রুততম সময়ে এটাকে কীভাবে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ নেবো।’
সময়সাপেক্ষ হলেও এ উদ্যোগ নেওয়া হলে বাড়তি রাজস্ব আদায় করতে পারবে এনএসসি। এ ব্যাপারে তিনি জানান, ‘এই অর্থ দিয়ে ক্রীড়ার সার্বিক উন্নতি কীভাবে করা যায় সেইদিকেই আমাদের লক্ষ্য থাকবে।’
ভারতে বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস জয় শাহর
টি–টোয়েন্টির 'মারদাঙ্গা' জাকের কেন টেস্ট দলে