বকেয়া বেতনের দাবিতে নিজে থেকে যোগাযোগ করেছিলেন। কিন্তু সাড়া দেয়নি পিএসজি। তাই লিগ কমিটির দ্বারস্থ হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। পাওনা বেতন বাবদ সাড়ে পাঁচ কোটি ইউরো তাকে দিতে পিএসজিকে নির্দেশ দিয়েছে ফ্রেঞ্চ লিগের আইনি কমিশন।
বৃহস্পতিবার কমিশন এই নির্দেশ দিয়েছে বলে নিশ্চিত করেছে ফ্রেঞ্চ লিগ। তবে প্যারিসের ক্লাবটি এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয়। সামনে অন্য কোনো আদালতে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে পিএসজি। এর আগে এমবাপ্পে ও পিএসজির মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল কমিশন। তবে এমবাপ্পের দিক থেকে তা প্রত্যাখ্যান করা হয়।
গত জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপ্পের অভিযোগ, পিএসজিতে অবস্থানকালীন শেষ তিন মাসের বেতন ও বোনাসের একটি অংশ তাঁকে দেওয়া হয়নি। যার পরিমাণ সাড়ে পাঁচ কোটি ইউরো বা প্রায় ৭২৫ কোটি টাকা। তবে পিএসজির দাবি, আগেই নিজের প্রাপ্য অর্থ ছাড় দিয়েছিলেন এমবাপ্পে। এ কারণে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্লাবের কাছে কোনো টাকা পাওনা নন।
বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বুধবার প্যারিসে আইনি কমিশনের শুনানিতে অংশ নেন পিএসজি কর্মকর্তা ও এমবাপ্পের প্রতিনিধিরা। পরদিন এমবাপ্পেকে অর্থ পরিশোধের জন্য পিএসজিকে আদেশ দিয়েছে কমিশন। আর সেটি এক সপ্তাহের মধ্যে। তবে এই সিদ্ধান্ত জানানোর ক্ষেত্রে কমিশনের এখতিয়ার সীমিত জানিয়ে পিএসজি বলেছে, ‘এ বিষয়ে পূর্ণ সিদ্ধান্ত প্রদানে কমিশনের আইনি সুযোগ সীমিত। এই মামলা অবশ্যই অন্য কোনো আদালতে ওঠাতে হবে। সামনের মাস ও বছরগুলোতে পিএসজিতে সব বিষয় তুলে ধরবে।’
ফ্রেঞ্চ লিগের (এলএফপি) যে কমিশন পিএসজিকে অর্থ পরিশোধের আদেশ দিয়েছে, সেটি ফ্রান্সের ফুটবলে শীর্ষ দুই স্তরের বিষয় দেখভাল করে।
ভারতে বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস জয় শাহর
কোনো সন্দেহ নেই মেসি পরের বিশ্বকাপ খেলবে, রিকুয়েলমে
কার্তিকের অনুমান, বাংলাদেশ সিরিজে ভারতে হতে পারে পেসবান্ধব উইকেট