রেকর্ড গড়েই ইপিএলে মাসসেরা হলেন হালান্ড

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ইতিহাসে মৌসুম শুরুর প্রথম তিন ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন আর্লিং হালান্ড। এবার আগস্ট মাসের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির ২৪ বছর বয়সী এ স্ট্রাইকার। নতুন মৌসুমে দলের হয়ে তিন ম্যাচে ৭ গোল করেছেন। যা মধ্যে রয়েছে দুটি দারুণ হ্যাটট্রিকও। লিগটির ইতিহাসে মৌসুম শুরুর প্রথম তিন ম্যাচে এতো গোল করার রেকর্ড নেই আরও কারও।

গত মাসে ইপসউইচ টাউন ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে হ্যাটট্রিক ও চেলসির বিপক্ষে এক গোল করেন হালান্ড। ১৯৯৪-৯৫ মৌসুমের পর লিগ শুরুর প্রথম তিন ম্যাচের দুটিতে হ্যাটট্রিক করার রেকর্ড এটি। সেবার পল জেওয়েল ব্রাডফোর্ড সিটির হয়ে এ কীর্তি গড়েছিলেন। ৮ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে সমর্থক ও ফুটবল বিশেষজ্ঞদের ভোটে শুক্রবার সেরা নির্বাচিত হন তিনি।  ২০২২ সালে প্রিমিয়ার লিগে যোগ দেয়ার পর এ নিয়ে তৃতীয়বারের মতো মাসসেরা খেলোয়াড় হলেন হালান্ড। আগের দুবার হয়েছিলেন ২০২২ সালের আগস্টে ও ২০২৩ সালের এপ্রিলে।  

অবশ্য ৭ গোল করে তৃপ্ত নন হালান্ড। আরও কঠোর পরিশ্রম করে নিজের খেলার উন্নতি করতে চান তিনি। বলেন, ‘এ পুরস্কার জিতে আমি আনন্দিত। আমাকে সাহায্য করার জন্য আমার সতীর্থ, কোচ ও দলের স্টাফের প্রতি কৃতজ্ঞ। আগস্ট মাসটি দলের জন্য অসাধারণ ছিল। ম্যানচেস্টার সিটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরে আমি গর্বিত। গত মাসে তিন ম্যাচে ৭ গোল করা দারুণ ছিল। কিন্তু আমাকে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং খেলায় উন্নতি আনতে হবে।’

প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৬৯ ম্যাচ খেলে ৭০ গোল করেছেন তিনি। অ্যাসিস্ট আছে ১২টি। সব মিলিয়ে সিটির হয়ে ১০২ ম্যাচ খেলে তার ১৪ অ্যাসিস্টের সঙ্গে তার গোলের সংখ্যা ৯৭টি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত