দেশ সংস্কারে প্রয়োজনীয় সময় দিতে হবে: শাহজাহান চৌধুরী

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯ পিএম

দেশের রাষ্ট্র পরিচালনার জন্য এখন থেকে সৎ ও যোগ্য লোক তৈরি করার পাশাপাশি অন্তবর্তী সরকারকে দেশ সংস্কারে প্রয়োজনীয় সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী। শুক্রবার সীতাকুণ্ডের ফৌজদারহাট ইডেন পার্কে এক কর্মীসভায় তিনি এ কথা বলেন।

এদিন সকাল ১০টায় সলিমপুর ইউনিয়ন জামায়াত কর্মীসভা অনুষ্ঠিত হয়। সলিমপুর ইউনিয়ন জামায়াতের আমির অধ্যক্ষ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মহিউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, ‘জামায়াত এ দেশে সুশাসন কায়েম করতে যোগ্য লোক তৈরি করার জন্য কাজ করছে। এই দেশে আল্লাহর আইন কায়েম করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বিগত আওয়ামী সরকার দেশে জামায়াত-শিবিরের শত শত নেতাকর্মীকে অন্যায়ভাবে হত্যা করে। ক্ষমতায় টিকে থাকতে হত্যা করে বৈষম্যবিরোধী ছাত্রদের, শ্রমিক ও সাধারণ মানুষকে। ১৫ বছরের অসংখ্য মানুষকে গুম করে ফ্যাসিস্ট সরকার। তাই হত্যাকারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।’

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত সেক্রেটারি আলাউদ্দিন শিকদার, জামায়াত নেতা মাস্টার নুরুস সালাম, ফারুকি আজম, উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি সাবেক পৌর কমিশনার মোহাম্মদ তাহের প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত