স্বাস্থ্য খাতে সংস্কারবিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক এম এ ফয়েজ। গতকাল শুক্রবার বিকেলে স্বাস্থ্য সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি। অধ্যাপক ফয়েজ গণমাধ্যমের কাছে তার পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।
দেশের স্বাস্থ্যব্যবস্থার বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সংস্কার, চিকিৎসাসেবার গুণগত মান উন্নয়ন ও স্বাস্থ্যব্যবস্থার কাঠামো শক্তিশালী করতে গত ৩ আগস্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১১ সদস্যের এই প্যানেলের সভাপতি করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এম এ ফয়েজকে।
এই বিশেষজ্ঞ প্যানেলের কাজের ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়, দেশের বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থার প্রয়োজনীয় বিষয়ভিত্তিক সংস্কারের জন্য নীতি নির্ধারণ; সব স্তরে চিকিৎসা শিক্ষার বিশ্বমানের স্বীকৃতি এবং উচ্চশিক্ষাকে আধুনিকায়নের পরামর্শ প্রদান; নগর, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বিদ্যমান স্বাস্থ্যব্যবস্থার সংস্কার ও কার্যকর; স্বাস্থ্যব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের মাধ্যম সব স্বাস্থ্যকেন্দ্রে জনবল ও যন্ত্রপাতির সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নীতি-নির্ধারণী ও কাঠামোগত সংস্কার সম্পর্কিত পরামর্শ প্রদান এবং দেশের প্রধান প্রধান চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান যেমন বিডিএমসি, বিএমআরসি, বিএনএমসিসহ অন্যান্য প্রতিষ্ঠানের রেগুলেটরি কাঠামোর প্রয়োজনীয় সংস্কার ও শক্তিশালীকরণের বিষয়ে পরামর্শ দেওয়া।
তবে এই কমিটি গঠনের পর থেকেই নানা সমালোচনা শুরু হয়। কমিটিতে শুধু বিশেষজ্ঞ চিকিৎসকদের রাখা হয়েছে, কোনো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পুষ্টি বিশেষজ্ঞ, জনসংখ্যা বিশেষজ্ঞ রাখা হয়নি। বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই কমিটি প্রত্যাখ্যান করেছে।
