২৫ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার ঘটনায় নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। একই সঙ্গে পেশাদার সাংবাদিকদের এ ধরনের হত্যা মামলা থেকে অবিলম্বে অব্যাহতির আহ্বান জানান ডিআরইউ নেতারা।
গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সহসভাপতি শফিকুল ইসলাম শামীম এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন বলেন, ‘ঢালাওভাবে পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করবে। সাংবাদিকদের বিরুদ্ধে এ রকম হত্যা মামলা চলমান থাকলে পেশাদারিত্ব রক্ষায় বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে ডিআরইউ।’
কোনো সাংবাদিকের বিরুদ্ধে দুর্নীতি বা অবৈধভাবে লাভবান হওয়ার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে তা যেমন তদন্ত হওয়া প্রয়োজন, তেমনি স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সংবাদকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন ডিআরইউ নেতারা।
গত বুধবার ১১ সেপ্টেম্বর রাজধানীর ভাসানটেক থানায় ২৫ সাংবাদিককে আসামি করে হত্যা মামলা করা হয়।
