দেশে ফিরেছেন আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ এএম

দেশে ফিরেছেন আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি। গতকাল শুক্রবার বেলা ৩টায় ভারতের ইন্ডিগো এয়ারলাইনসের উড়োজাহাজে আরব আমিরাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। এ নিয়ে দুই দফায় আমিরাত থেকে ৪০ জন প্রবাসী দেশে ফিরলেন। তাদের দেশে ফেরার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপপরিচালক মো. শরিফুল ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় দেশটির সরকার। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর শাস্তি হওয়া ৫৭ বাংলাদেশির মুক্তির দাবি জানান ভুক্তভোগীদের স্বজনরা। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়রাও অন্তর্বর্তী সরকারের কাছে তাদের মুক্তির দাবির ব্যবস্থা করার আহ্বান জানান। এরই মধ্যে গত ৩ সেপ্টেম্বর ওই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের মধ্যে প্রথম ধাপে গত শনিবার দেশে ফেরেন ১৪ জন।

জানা গেছে, গত ২০ জুলাই প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন। এরপর ৫৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিচারের পর এই প্রবাসীদের মধ্যে কারও ১০ বছর, কারও ১১ বছর, এমনকি কারও কারও যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়। এরপর অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের ভিসা সুবিধাও বন্ধ করে দেশটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত