সোনার দামে সব রেকর্ড ভাঙল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম

বিশ্ববাজারে অতীতের সব রেকর্ড ভেঙে এরই মধ্যে সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বিশ্ববাজারে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ২ হাজার ৫৫০ ডলার ছাড়িয়ে গেছে। বিশ্বে সোনার দামে রেকর্ড হওয়ার খবরে বাংলাদেশেও রেকর্ড দাম নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশে প্রতি ভরি ভালোমানের সোনার দাম ১ লাখ ৩২ হাজার ২৩৫ টাকা। এটিও বাংলাদেশে রেকর্ড দাম।

আগামীকাল রবিবার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে। এর আগে বাংলাদেশে কখনও সোনার ভরি এক লাফে ৬ হাজার টাকা বাড়ার ঘটনা ঘটেনি।

বর্তমানে দেশের বাজারে এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ২৬ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে। বিশ্ববাজারে সোনার দাম এমন লাফিয়ে লাফিয়ে বাড়ায় দেশের বাজারেও যেকোনো সময় দামি এই ধাতুটির দাম বাড়ানো হয়েছে। এতে দেশের বাজারেও সোনার দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটির পক্ষ থেকে সোনার দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায় আগামীকাল রবিবার থেকে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম হবে ১ লাখ ৩২ হাজার ২৩৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম হবে ১ লাখ ২৪ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম হবে ১ লাখ ৬ হাজার ২৮২ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম হবে ৮৭ হাজার ১৩ টাকা।

তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৪৮৬ দশমিক ৯৬ ডলার। সেখান থেকে বেড়ে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৫৭৮ দশমিক ৪৮ ডলারে থিতু হয় সপ্তাহ শেষে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৯১ দশমিক ৫২ ডলার বা ৩ দশমিক ৬৮ শতাংশ। এর মধ্যে সপ্তাহে শেষ কার্যদিবসেই প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ২০ দশমিক শূন্য ৩ ডলার বা দশমিক ৭৮ শতাংশ।

সোনার এত দাম এর আগে কখনো দেখেনি বিশ্ববাসী। এর আগে এক আউন্স সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ৫২৯ দশমিক ৯০ ডলারে উঠেছিল। চলতি বছরের ২০ আগস্ট সোনার এই দাম হয়। বিশ্ববাজারে এই দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও সে সময় সোনার দাম বাড়ানো হয়। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। এটিই দেশের বাজারে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

দেশের বাজারে সোনার এই রেকর্ড দাম নির্ধারণের পর বিশ্ববাজারে সোনার দাম কমতে দেখা যায়। দফায় দফায় দাম কমে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৪৭৩ ডলার পর্যন্ত নামে। যার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও সোনার দাম কমানো হয়।

সর্বশেষ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬২১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫৪০ টাকা কমিয়ে ১ লাখ ২০ হাজার ৫৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত