গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে ২২৩ মিলিমিটার। এ ছাড়া খেপুপাড়ায় ১৮৯, বরিশালে ১৭৭, মাদারীপুরে ১৬৬, রামগতিতে ১৩৯, গোপালগঞ্জে ১৩৩, ফরিদুপুরে ১২৬, চাঁদপুরে ১১৯, কুমারখালীতে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের কোথাও কোথাও আজ অতি ভারী বর্ষণ হতে পারে। আগামীকাল ও পরশুও ভারী বর্ষণের আভাস রয়েছে। এছাড়া আগামী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখ্যযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনাও নেই।
আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আজ প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে আগামীকাল সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এবং পরশুও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, স্থল গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গভীর স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
