এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, সংশ্লিষ্ট বিষয়ে আইন ও বিচার উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে কথা হয়েছে। সম্ভবত আগামী সপ্তাহে ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে। গতকাল রবিবার দুপুরে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢাকার সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) যান তাজুল ইসলাম। তিনি সেখানে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ সময় তার সঙ্গে ছিলেন।
অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘গত সপ্তাহে আইন উপদেষ্টার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠনের দাবি জানিয়েছি। কারণ পুনর্গঠন না হলে আদালতের কাছ থেকে প্রয়োজনীয় অনেক আদেশ আমরা নিতে পারছি না। আদালতের আদেশ ছাড়া অনেক কাজ বন্ধ হয়ে আছে। আইন উপদেষ্টা আমাদের আশ^স্ত করেছেন।’
