লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যা ও পুলিশের ওপর হামলার ঘটনার মামলায় লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা যুবলীগের সাবেক আহবায়ক সৈয়দ আহম্মদ পাটওয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যা মামলার আসামি পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা শহরের ঝুমুর-মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলাসহ গুলি চালায়। এতে ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এর মধ্যে নিহত শিক্ষার্থী আফনান পাটওয়ারীর মা নাছিমা আক্তার ও সাব্বির হোসেন রাসেলের বাবা আমির হোসেন সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। আফনান হত্যায় এজাহারে ৭৫ জনের নাম ও সাব্বির হত্যায় ৯১ জনের নাম উল্লেখ করা হয়। এ দুই মামলায় ৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এছাড়া ৪ আগস্ট পুলিশের দায়িত্বরত কাজে বাঁধাসহ হামলার ঘটনায় সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনবিক চাকমা বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এতে ৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। প্রতিটি মামলায় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুকে প্রধান আসামি করা হয়েছে। তিনটি মামলাতে আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদকেও আসামি করা হয়েছে।
সীমান্তে চিরুনি অভিযানেও সন্ধান মেলেনি নানকের
শাহরিয়ার কবিরের রিমান্ড, ইসলাম বিদ্বেষের অভিযোগ অস্বীকার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী সেই মিজান গ্রেপ্তার