বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের খোঁজে দিনভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দিনভর মৌলভীবাজারের সীমান্তবর্তী জুড়ী উপজেলার ফুলতলা ও বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে এ অভিযান চালায় পুলিশ ও বিজিবি। কিন্তু দিনভর অভিযান চালিয়েও তাকে আটক করা যায়নি।
নানক জুড়ী সীমান্তে অবস্থান করছেন- এমন খবর পেয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশের বেশ কয়েকটি টিম দিনভর অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, জাহাঙ্গীর কবির নানক ভারতে যেতে জুড়ীর ফুলতলা সীমান্তে অবস্থান করছেন বলে খবর আসে। পরে পুলিশ ও বিজিবি ফুলতলা সীমান্তের আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান লিজন, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাঞ্চন চক্রবর্তী ও প্রবাসী আওয়ামী লীগ নেতা রহমমত আলীর বাড়ি ঘিরে রাখে। এ সময় পুলিশ ও বিজিবি তাদের বাড়িতে তল্লাশি চালায়। এসব নেতাদের বাড়িসহ সীমান্ত এলাকায় যৌথ বাহিনী অভিযান চালায়।
এ ছাড়া সীমান্ত দিয়ে আওয়ামী লীগ নেতা নানকের ভারতে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে শতশত জনতা সীমান্ত এলাকায় ভিড় করেন।
এদিকে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল, কুমারশাইল, পাল্লাথল ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে সেখানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয়। তবে এ ব্যাপারে সীমান্ত এলাকার বাসিন্দারা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।
বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, ‘অসমর্থিত সূত্র থেকে আমিও এ ধরনের খবর শুনেছেন। বিভিন্ন ব্যক্তি ও সংস্থা আমার কাছেও জানতে চাচ্ছে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান চালানো উচিত।'
ফুলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আলীম শেলু বলেন, ‘নানক ফুলতলা সীমান্তে অবস্থান করছেন এমন খবরে পুলিশ ও বিজিবি বেশ কয়েকটি বাড়িসহ সীমান্তে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি।
মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার দুপুরে দেশ রূপান্তরকে বলেন, ‘ফুলতলা সীমান্তে জাহাঙ্গীর কবির নানক আছেন- এমন তথ্যের ভিত্তিতে দিনভর পুলিশ অভিযান চালিয়েছে। তবে অভিযানে তাকে পাওয়া যায়নি।'
তিনি আরও বলেন, ছাত্র-জনতা হত্যা মামলাসহ কোনো ধরনের আসামি মৌলভীবাজার সীমান্ত দিয়ে ভারতে যেতে পারবে না। পুলিশ এ ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে।
শাহরিয়ার কবিরের রিমান্ড, ইসলাম বিদ্বেষের অভিযোগ অস্বীকার
বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই
রংধনু গ্রুপের পরিচালক মিজান গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী সেই মিজান গ্রেপ্তার