‘আকাশ ছোঁব দেখিস’ ডিভোর্স অ্যানিভার্সারিতে পরী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ পিএম

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হন তিনি। গত বছরের ১৮ সেপ্টেম্বর স্বামী শরীফুল রাজের উদ্দেশে বিচ্ছেদের নোটিশ পাঠিয়ে তখনো আলোচিত-সমালোচিত হয়েছিলেন এ অভিনেত্রী। বিচ্ছেদের পর পরিমণি এখন তার ছেলে পুণ্যের সঙ্গেই বেশি সময় কাটান। মাঝেমধ্যে ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্তদের নিজের আপডেট জানান এ অভিনেত্রী।

এবার সামাজিক মাধ্যমে ব্যতিক্রমী এক পোস্ট দিলেন এ নায়িকা। মঙ্গলবার (১৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে পোস্টের মাধ্যমে রাজের সঙ্গে বিচ্ছেদের এক বছর পূর্তি উদযাপন করলেন পরিমণি।

ফেসবুক পোস্টে পরি লিখেছেন, আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেবো না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি। আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ঐ আকাশ ছোঁব দেখিস।

বিচ্ছেদের কথা প্রসঙ্গে তিনি লিখেন, আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিলো আমার ছোট্ট বাচ্চা ছেলেটা! কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোন অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের! শুকরিয়া। আমরা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী! 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত