ইসরায়েলি হামলায় বিলীন গাজার শিক্ষার্থীদের একাংশ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ এএম

অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও প্রায় ১৮ হাজার। ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে গত মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে এসব শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ফিলিস্তিনের ৯০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত হয়েছে। একই সময়ে পশ্চিম তীরে ১১৩ জন শিক্ষার্থী নিহত এবং ৫৪৮ জন আহত হয়েছে। এ ছাড়া পশ্চিম তীর অভিযানের সময় আরও প্রায় ৫০০ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় থামছে না ইসরায়েলি বর্বরতা। মঙ্গলবার মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরসহ বেশ কয়েকটি অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায়  ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার আশঙ্কা জানিয়েছে উদ্ধারকারীরা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ১১ মাসের বেশি সময় ধরে চালানো ইসরায়েলি হামলায় ইতিমধ্যে ৪১ হাজার ২২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৯৫ হাজার ৪১৩ ফিলিস্তিনি।

এদিকে, ইসরায়েলের ভূ-খন্ড লক্ষ্য করে আবারো হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে তেল আবিব। এ ঘটনায় ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছিল। এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, হিজবুল্লাহর ড্রোনের বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। রামোত রাফতালি অঞ্চলে কিছু ড্রোন গাড়িতে আঘাত হানে। তবে সেখানে কোনো প্রাণহানি হয়নি। এদিকে লেবাননে যোগাযোগ যন্ত্র ‘পেজার’ বিস্ফোরণের ঘটনায় প্রায় শতাধিক আহত হয়েছে। আহতদের বেশিরভাগই হিজবুল্লাহর সদস্য। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির রাজধানী বৈরুত, বেক্কা ভ্যালি ও দক্ষিণাঞ্চলে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। লেবানন কর্র্তৃপক্ষের ধারণা, ইসরায়েলি বাহিনী হ্যাকিংয়ের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মিসরে তিন দিনের সফরে গাজার যুদ্ধ বিরতিতে পৌঁছাতে চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মিসরে তিন দিনের সফরে গাজার যুদ্ধ বিরতিতে পৌঁছাতে চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত