বিদেশি বিনিয়োগ আনতে বিডাকে সহযোগিতা করবে ফিকি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬ পিএম

দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ আনতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে (বিডা) সহযোগিতা করবে ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কনফারেন্স রুমে বিডা ও ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্ত্যবে এ কথা বলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

মতবিনিময় সভায় বিডার সচিব ড. খন্দকার আজিজুল ইসলামের সভাপতিত্বে গেস্ট অফ অনার হিসবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বিডার নব যোগদানকৃত নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন ফিকির প্রেসিডেন্ট জাবেদ আখতার।

মতবিনিময় সভায় লুৎফে সিদ্দিকী বিনিয়োগের ধারাবাহিকতা রক্ষা করে, নতুন নতুন বিনিয়োগ ক্ষেত্র সৃষ্টি এবং অধিক হারে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিডা ও ফিকিকে যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলা করে এক সঙ্গে কাজ করার পরামর্শ দেন।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর উপস্থিতিতে  মতবিনিময় সভায় বিডার সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম ও ফিকির প্রেসিডেন্ট জাবেদ আখতার বর্তমানে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, পরিস্থিতি, পলিসি, বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন আইনের চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা এবং বর্তমান ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) এর চিত্র তুলে ধরেন।

ফিকির কার্যক্রম উপস্থাপনায় জাভেদ আখতার বিদেশি বিনিয়োগকারীদের প্রধান চ্যালেঞ্জের পাশাপাশি সুযোগের রূপরেখা তুলে ধরেন এবং বিনিয়োগ আকৃষ্ট করার জন্য কিছু কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তায় জোর দেন। তিনি এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে এবং আন্তর্জাতিক বিনিয়োগের জন্য একটি প্রধান গন্তব্য হিসেবে বাংলাদেশের সম্ভাবনাকে উন্মুক্ত করতে সহযোগিতামূলক পদ্ধতির ওপর জোর দেন।

ফিকি সভাপতি আরও বলেন, ‘আমাদের পাইপলাইনে অনেক সম্ভাব্য বিনিয়োগকারী রয়েছে যারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী, কিন্তু তারা বর্তমানে বেশ কিছু বাধার সম্মুখীন হচ্ছে। এই সমস্যাগুলো শনাক্ত করা এবং সমাধানের জন্য একসঙ্গে কাজ করা প্রয়োজন, যাতে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে এবং আরও বিদেশি সরাসরি বিনিয়োগ আকর্ষণ করতে পারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত