বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট সামনে রেখে দুদিন অনুশীলনের পর গতকাল সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অধিনায়ক নাজমুল হাসান শান্ত যেমন এ সিরিজটিকে চ্যালেঞ্জ হিসেবে আখ্যা দিয়েছিলেন। হাথুরু সেই পথে আরেকধাপ এগিয়ে গেলেন। বলেছেন, ‘বিশ্বের সেরা দলটির বিপক্ষে খেলা সবসময়ই আপনার জন্য অনুপ্রেরণাদায়ী।’
হাথুরু যোগ করেন, ‘ভারতে এসে তাদের বিপক্ষে খেলাটাই এ মুহূর্তে যেকোনো দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেরা দলের বিপক্ষে খেলতে নামলেই কেবলমাত্র আপনি বুঝতে পারবেন নিজের অবস্থানটি কোথায়। একজন স্পোর্টসম্যান হিসেবে আমরা সবসময় সেদিকেই তাকিয়ে থাকি।’ পাকিস্তানের ঐতিহাসিক জয় নিয়ে প্রশ্নের উত্তরে কোচ বলেন, ‘এটা আমাদের নিঃসন্দেহে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে।’
এবারের সফর নিয়ে কোচ বলেন, ‘ভারতের বিপক্ষে খেলার চাপই আমাদের জন্য সুবিধাজনক। আমরা বুঝতে পারি আমাদের অবস্থান কোথায়, সেইসঙ্গে শক্তি ও দুর্বলতা কোথায়।’ এই সফরের বাংলাদেশ দল সম্পর্কে হাথুরুর মতামত, ‘এটাই সম্ভবত বাংলাদেশের সবচেয়ে গোছানো টিম। আমরা সবগুলো জায়গা কাভার করতে পেরেছি এবং আমাদের অনেক পেসার রয়েছে। সেইসঙ্গে রয়েছে অভিজ্ঞ স্পিন আক্রমণ এবং আমাদের ব্যাটিং লাইনআপও অনেক গভীর।’
সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজকে হাথুরুর কণ্ঠে উচ্ছ্বাস ঝরে পড়েছে। এতদিন ধরে সাকিবকে দেখে মুগ্ধ হওয়ার কথা বলেছেন হাথুরু। গতকাল মিরাজকে তিনি অভিহিত করেছেন বাংলাদেশ দলের ‘ভবিষ্যতের সাকিব’ বলে। সাকিব আল হাসানকে নিয়ে কোচের ভাবনা, ‘বাংলাদেশের ক্রিকেটে ওর অনেক বড় ভূমিকা আছে।’ হাথুরুর কাছে সাকিব শুধু পাকিস্তান সিরিজেই নয়, দলে থাকলে সব সময়ই তিনি অপরিহার্য এক খেলোয়াড়। সাকিবকে নিয়ে তিনি বলেছেন, ‘যখনই সে দলে থাকে, বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ভূমিকা রাখে। যেভাবে আমরা দলে ভারসাম্য আনতে চাই, সে থাকলে সেই কাজটা অবশ্যই সহজ হয়ে যায়। আমরা যে একজন বাড়তি বোলার বা একজন বাড়তি ব্যাটসম্যান খেলাতে চাই, সেটা তার অলরাউন্ড সামর্থ্যরে জন্যই পারি। সে শুধু ওই সমন্বয়টাই সহজ করে না, নিজের বিশাল অভিজ্ঞতাটাও যোগ করেন।’
সাকিবকে নিয়ে হাথুরু এরপর বলেন, ‘সে সম্ভবত এ মুহূর্তে সবচেয়ে লম্বা ক্যারিয়ারের আন্তর্জাতিক খেলোয়াড়, আর এখন তো সে কাউন্টি ম্যাচ খেলে এসেছে। তার শারীরিক অবস্থাও ভালো। তাই শুধু স্কিল দিয়ে নয়, অন্যান্য দিক থেকেও দলের জন্য অনেক কিছু নিয়ে আসবে।’ তবে সাকিবের ক্যারিয়ারও সায়াহ্নে চলে এসেছে। এক সময় তিনিও বিদায় বলবেন। তখন তার এই ভূমিকাটা কে নেবেন? এই জায়গায় মেহেদী হাসান মিরাজের একটা বড় ভূমিকা দেখেন হাথুরু।
মিরাজকে নিয়ে হাথুরুর কথা, ‘আমার কাছে সে গত পাঁচ বা ছয় বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার। সত্যিকার অর্থেই সে (ভবিষ্যতে) সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি। সে তার ব্যাটিং তো বটেই, নিশ্চিত করেই যেটা তার বড় শক্তির জায়গা, সেই বোলিংয়েরও উন্নতি ঘটিয়েছে। এখন সে নিজের ব্যাটিংয়ের উন্নতি ঘটিয়েছে। সে অসাধারণ একজন ফিল্ডারও।’
