ম্যানচেস্টার ইউনাইটেডের বিখ্যাত ‘বাসবি বেবস’দের একজন ডেনিস ভায়োলেট। মিউনিখ বিমান দুর্ঘটনায় যিনি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। ‘জাঙ্গল বয়’খ্যাত রে ক্রফোর্ড পঞ্চাশ ও ষাটের দশকে খেলেছেন ইংলিশ ফুটবলে, মালয়েশিয়া ও ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। আর অ্যালান স্মিথ আশি ও নব্বইয়ের দশকে খেলেছেন আর্সেনালে। এখন তো পুরোদস্তুর ফুটবলপণ্ডিত। আর চতুর্থজন হ্যারি কেইন। যাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই।
চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে দিনামো জাগরেবকে ৯-২ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ৯ গোলের ৪টিই করেছেন তালিকার কেইন। ইংল্যান্ড কিংবদন্তি ৪ গোল করায় ইতিহাসের পাতা থেকে উঠে এসেছেন বাকি তিন ভদ্রলোক। কারণ, ইউরোপিয়ান কাপের (১৯৯২ থেকে চ্যাম্পিয়নস লিগ) ইতিহাসে চতুর্থ ইংলিশ খেলোয়াড় হিসেবে এক ম্যাচে একাই ন্যূনতম চার গোল করলেন কেইন। বাকি তিনজন হলেন ভায়োলেট, ক্রফোর্ড ও স্মিথ।
১৯৫৬ সালে ইউরোপিয়ান কাপে বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখটের বিপক্ষে ম্যাচে ৪ গোল করেছিলেন ইনসাইড ফরোয়ার্ড হিসেবে খেলা ভায়োলেট। ছয় বছর পর ১৯৬২ ইউরোপিয়ান কাপে ফ্লোরিয়ানার বিপক্ষে একাই পাঁচ গোল করেছিলেন ইপসউইচ টাউনে খেলা ক্রফোর্ড। ২৯ বছর পর ১৯৯১ ইউরোপিয়ান কাপে অস্ট্রিয়া ভিয়েনের বিপক্ষে ম্যাচে চার গোল করেন স্মিথ। তার সেই কীর্তির ৩৩ বছর পর প্রথম ইংলিশ হিসেবে গতকাল রাতে ৪ গোল করলেন কেইন।
কেইনের করা ৪ গোলের তিনটি এসেছে পেনাল্টি থেকে। ফুটবলের পরিসংখ্যানভিত্তিক এক্স হ্যান্ডল অপ্টা জো জানিয়েছে, ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগ সংস্করণ মিলিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে পেনাল্টির হ্যাটট্রিক করলেন কেইন। উয়েফা জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগ সংস্করণে ২০তম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৪ গোল করলেন বায়ার্ন তারকা। চ্যাম্পিয়নস লিগে ওয়েইন রুনিকে টপকে ইংলিশ খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ (৩৩) গোলের রেকর্ডও কাল গড়েছেন কেইন।
ম্যাচ শেষে ডিএজেডএন স্পোর্টসকে কেইন বলেছেন, ‘অসাধারণ ম্যাচ। একটু পাগলাটেও। এত গোল করায় রাতটাও দারুণ কাটল। সত্যি বলতে দ্বিতীয় গোলের পর বুঝতে পারছিলাম না তৃতীয়টি কীভাবে নেব। সৌভাগ্যজনকভাবে লক্ষ্যভেদ করতে পেরেছি।’
পেনাল্টি থেকে ৩ গোল করা নিয়ে কেইনের ভাষ্য, ‘এই প্রথম এক ম্যাচে (পেনাল্টি থেকে) ৩ গোল করলাম। এমন কিছু তো হয় না বললেই চলে।’
ভারতের ভিসা পেতে দেরি, তাই শেষে দলের সঙ্গে সাকিব
বায়ার্ন ৯-২, হ্যারি কেইন ৪ গোল
পিছিয়ে গিয়েও ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় লিভারপুলের
জয়ের রাতে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে যে কীর্তি এনদ্রিকের