চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজের বিনা ভোটের পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবি করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে চেম্বারের সাধারণ সদস্যদের একাংশ। অন্যথায় উইমেন চেম্বার ভবন ঘেরাও এবং অবস্থান কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সিএমইউজে মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেম্বারের সদস্য নুসরাত হোসাইন অভিযোগ করেন, বর্তমানে উইম্যান চেম্বারের প্রারম্ভিক সদস্য ফি ৩ হাজার ৭০০ টাকা এবং প্রতি বছর নবায়ন ফি ১ হাজার ৯০০ টাকা- যা ক্ষুদ্র উদ্যোক্তা বান্ধব নয়। যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন ট্রেডে ট্রেইনার হিসেবে সদস্যদের সুযোগ দেওয়া হয় না। চেম্বারের সদস্যদের কাছ থেকেও বিভিন্ন ট্রেনিং এর নাম দিয়ে ফি আদায় করা হয়। দিনব্যাপী ট্রেনিংয়ের ক্ষেত্রে নিম্নমানের খাবার পরিবেশন করা হয়। উইম্যান ট্রেড ফেয়ারে লোকসমাগম কম হয় এমন জায়গায় সদস্যদের দোকান বরাদ্দ দেওয়া হয়। এছাড়াও মেলায় অতিরিক্ত স্টল, বিদ্যুৎ ও সিকিউরিটি বিল ধার্য করা হয়। বিগত কয়েক বছর যাবত উইম্যান ট্রেড ফেয়ার নারী উদ্যোক্তা বান্ধব না হওয়ায় অন্যান্য জেলার নারী উদ্যোক্তারা মেলায় অংশগ্রহণ করছে না। এর ফলে স্থানীয় উদ্যোক্তা হ্রাস পাচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে চেম্বার সদস্য ও নারী উদ্যোক্তা সাদিয়া আফরিন, শাহানাজ খান, জান্নাতুল মাওয়া মুন্নি, সাবেক কাউন্সিলর ও নারী উদ্যোক্তা মনোয়ারা বেগম মনি, উইম্যান চেম্বারের সদস্য আমেনা বেগম, নার্গিস রিক্তা, মনোয়ারা বেগম সাকি প্রমুখ উপস্থিত ছিলেন।
