এক দশক পর ভোট জম্মু-কাশ্মীরে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯ এএম

এক দশক পর ভারতের কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার তিন ধাপের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ চলে। ২০১৪ সালে অঞ্চলটিতে সর্বশেষ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে এরপর থেকে পাল্টে যায় জম্মু-কাশ্মীরের রাজনৈতিক প্রেক্ষাপট। ২০১৯ সালে জম্মু-কাশ্মীরকে দেওয়া সংবিধানের ৩৭০ ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা হারানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু ও কাশ্মীর। বিশেষ মর্যাদা প্রদানকারী ধারাটি বাতিলের মাধ্যমে রাজ্যটিকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। ফলে এবার পূর্ণ রাজ্য হিসেবে নয়, কেন্দ্রশাসিত একটি অঞ্চল হিসেবে চলেছে ভোটগ্রহণ।

কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেও প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনের সাক্ষী হচ্ছে জম্মু-কাশ্মীর। জম্মু-কাশ্মীর বিধানসভার মোট আসন ৯০টি। প্রথম ধাপে ভোটগ্রহণ হয়েছে কাশ্মীর উপত্যকার ১৬ ও জম্মুর আটটি আসনে। মোট প্রতিদ্বন্দ্বী ২১৯ জন, যাদের অধিকাংশই স্বতন্ত্র। জম্মু অঞ্চলের তিনটি জেলায় আটটি বিধানসভা আসনে এবং কাশ্মীর উপত্যকার চারটি জেলায় ৯০ জন স্বতন্ত্রসহ ২১৯ জন প্রার্থীকে ভোট দেন ভোটাররা। সেখানে নিবন্ধিত ভোটারের সংখ্যা ২৩ লাখেরও বেশি। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জম্মু-কাশ্মীরের নির্বাচন কর্র্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ধাপে ৬০ শতাংশের মতো ভোট পড়েছে। জম্মুতে প্রধান দুই প্রতিপক্ষ বিজেপি ও কংগ্রেস। উপত্যকার লড়াই প্রধানত ন্যাশনাল কনফারেন্স (এনসি)-কংগ্রেস-সিপিএম জোটের সঙ্গে পিডিপির। তবে এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় দুই পক্ষকেই স্বতন্ত্রদের সঙ্গে জোট বাঁধতে হতে পারে।

প্রথম পর্বের ভোটে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে বিজবেহরা কেন্দ্র থেকে লড়েছেন পিডিপি নেত্রী সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি। পুলওয়ামা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন পিডিপির তরুণ নেতা ওয়াহিদ পারা। কুলগাম কেন্দ্র থেকে লড়াই করছেন সিপিএমের প্রবীণ নেতা মহম্মদ ইউসুফ তারিগামি। ডুরু থেকে ভাগ্য পরীক্ষায় নেমেছেন এআইসিসির সাধারণ সম্পাদক গুলাম আহমেদ মীর।

অন্য দুটি ধাপে বাকি ৬৬টি বিধানসভা আসনে ভোট হবে জম্মু-কাশ্মীরে। দ্বিতীয় ধাপের ভোট হবে আগামী ২৫ সেপ্টেম্বর এবং তৃতীয় ধাপের ভোট হবে আগামী ১ অক্টোবর। ভোট গণনা শেষে আগামী ৮ অক্টোবর ফল প্রকাশ করার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত