শাহদীন মালিকের পরিবর্তে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে অধ্যাপক আলী রীয়াজকে দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংস্কারের জন্য প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। এ কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে আলী রীয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞানী আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) প্রেসিডেন্ট। আলী রীয়াজ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি নিজের কর্মস্থল থেকে ছুটি নিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য শিগগিরই দেশে ফিরবেন।
এ বিষয়ে আইন বিশেষজ্ঞ শাহদীন মালিকের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে সরকারের দুজন উপদেষ্টা বলেছেন, পেশাগত ব্যস্ততা এবং শারীরিক কারণে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনে অপারগতা জানিয়েছেন শাহদীন মালিক। তবে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে তিনি থাকবেন। শুধু সংবিধান সংস্কার কমিশন নয়, বিচার বিভাগসহ আরও অনেক কমিশন আছে, যেগুলোতে তার অনেক কিছু দেওয়ার আছে। উনি সেটা করবেন।
এদিকে একটি সূত্র জানায়, আজ বৃহস্পতিবার নতুন গঠিত ছয়টি কমিশনের প্রধানদের নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করবেন বলে একটি সূত্র জানিয়েছে। ওই বৈঠকে পাঁচটি কমিশনের প্রধান সশরীরে এবং অধ্যাপক আলী রীয়াজ ভার্চুয়ালি যুক্ত হবেন।
গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা বলেছিলেন, ‘সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চান। আর সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ওই ভাষণে তিনি জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন শাহদীন মালিক।
