ট্রাম্পের তথ্য হ্যাকিংয়ের অভিযোগ ইরানের বিরুদ্ধে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৫ এএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারের নথি হ্যাক করার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিক পার্টির প্রেসিডেন্ট প্রাথী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কিছু তথ্য চুরি করে ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সঙ্গে যুক্ত কয়েকজন কর্মীর কাছে পাঠিয়েছে ইরানের হ্যাকাররা। গত বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি এবং ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয়ে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ডেমোক্র্যাটদের প্রার্থী থাকাকালে এ তথ্য হ্যাকের ঘটনা ঘটে। গত জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুর দিকে ট্রাম্প শিবিরের এসব তথ্য চুরি করে কিছু অযাচিত ইমেইলের মাধ্যমে বাইডেনের নির্বাচনী প্রচারণার শিবিরে পাঠানো হয়েছিল। তবে এসব ইমেইল পেয়ে তারা হ্যাকারদের উত্তর দিয়েছিলেন কি না, সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

গত ২১ জুলাই জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী থেকে সরে দাঁড়ান। তখন থেকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দলীয় মনোনয়ন পান। প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রেসিডেন্ট নির্বাচনে ইরানের হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করেছিলেন। তবে সে অভিযোগ অস্বীকার করেছিল ইরান। তখন বলা হয়েছিল, নভেম্বরের নির্বাচনের আগে ‘বিরোধ উসকে’ দিতে ও যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করতে তৎপরতা চালাচ্ছে ইরান। বুধবারের নতুন দাবির পর নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়ে ইরানের স্থায়ী মিশন বলেছে, অভিযোগগুলো ভিত্তিহীন এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ইরানের হস্তক্ষেপের কোনো উদ্দেশ্য নেই।

এফবিআই ও অন্য গোয়েন্দা সংস্থাগুলোর দাবির বিষয়ে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, হ্যাকিংয়ের বিষয়টি এটাই প্রমাণ করে যে, কমলা হ্যারিস ও জো বাইডেনকে সহায়তা করতে বিদেশি শক্তি নির্বাচনে হস্তক্ষেপ করছে। কারণ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা কঠোর ও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেবেন বলেই তারা এই অপপ্রয়াস চালিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত