আগস্টে সড়কে নিহত ৪৭৬

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ এএম

দেশে গত আগস্ট মাসে ৪৬৭টি সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জন নিহত এবং ৯৮৫ জন আহত হয়েছে। এ ছাড়া রেলপথে ১০টি দুর্ঘটনায় আটজন নিহত, দুজন আহত হয়েছে। আর নৌপথে ১৩টি দুর্ঘটনায় ৫০ জন নিহত, দুজন আহত এবং ৯ জন নিখোঁজ রয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদন তুলে ধরে সংগঠনটি।

প্রতিবেদনে বলা হয়, ওই সময়ে ১৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৬ জন নিহত, ২০১ জন আহত হয়েছে, যা মোট দুর্ঘটনার ৪১ দশমিক ৩২ শতাংশ, নিহতের ৪৩ দশমিক ২৭ শতাংশ এবং আহতের ২০ দশমিক ৪০ শতাংশ। এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঢাকা বিভাগে। ১১৭টি সড়ক দুর্ঘটনায় ১২১ জন নিহত এবং ২৬১ জন আহত হয়েছে, সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে বরিশাল বিভাগে। ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ৯৩ জন আহত হয়েছে।

এই সময় সড়ক দুর্ঘটনায় সংঘটিত ৭৪৫টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ৩১ দশমিক ৬৭ শতাংশ মোটরসাইকেল, ২১ দশমিক ২০ শতাংশ ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান ও লরি, ১০ দশমিক ৩৩ শতাংশ বাস, ১৪ দশমিক ৩৬ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৮ দশমিক ৪৫ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৭ দশমিক ৭৮ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৬ দশমিক ১৭ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।

সংঘটিত মোট দুর্ঘটনার ৪১ দশমিক ৫৪ শতাংশ গাড়িচাপা দেওয়ার ঘটনা, ৩৩ দশমিক ১৯ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ২২ দশমিক শূন্য ৫ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ২ দশমিক ৫৬ শতাংশ বিবিধ কারণে, শূন্য দশমিক ৪২ শতাংশ ট্রেন যানবাহনে সংঘর্ষ এবং চাকায় ওড়না পেঁচিয়ে শূন্য দশমিক ২১ শতাংশ।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, এই মাসে সংঘটিত মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৮৩ শতাংশ জাতীয় মহাসড়কে, ২০ দশমিক ৭৭ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ৩৯ দশমিক ১৮ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এ ছাড়া সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৪ দশমিক ৪৯ শতাংশ ঢাকা মহানগরীতে ও ১ দশমিক ২৮ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে শূন্য দশমিক ৪২ শতাংশ রেলক্রসিংয়ে সংঘটিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত