কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাহেবনগর এলাকায় পদ্মার অব্যাহত ভাঙনে এবার নদীগর্ভে বিলীন হলো জাতীয় বিদ্যুৎ সঞ্চালনের (গ্রিড লাইন) একটি টাওয়ার। গতকাল বৃহস্পতিবার দুপুরে চলতি বন্যায় চরম ঝুঁকির মধ্যে দাঁড়িয়ে থাকা টাওয়ারটি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি) ঈশ্বরদী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, ঝুঁকির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগেই অবগত থাকায় ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ ঘটনায় জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনে কোনো প্রভাব প্রভাব পড়বে না। এ লাইনের মাধ্যমে ভেড়ামারা থেকে রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ করা হতো। বর্তমানে ফরিদপুর থেকে রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামে আরও অন্তত ছয়টি টাওয়ার এমন ঝুঁকিতে রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পোর্ট নির্মাণে প্রায় ৫০০ মিটার গ্রোয়েন পদ্মা নদীর মূল প্রবাহ চ্যানেলের মধ্যে হওয়ায় নদী গতিপথ হারিয়েছে। এতে নতুন গতিপথের সন্ধানেই পদ্মা হয়ে উঠেছে আগ্রাসী। ভয়াবহ ভাঙনে কুষ্টিয়া সদর, মিরপুর ও ভেড়ামারা উপজেলার শত শত হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। অবিলম্বে পদ্মা নদীর এই ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
পাউবোর নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানান, পদ্মার পানি কমার সঙ্গে সঙ্গেই ভাঙন রোধে স্থায়ীভাবে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।
