রূপগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহেল (৪২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের ডিসপুরি ইসলামপুর এলাকার একটি বাড়ির কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, পরিবারের অভিযোগ মাদক ও পাওনা টাকাকে কেন্দ্র করেই সোহেলকে হত্যার পর মরদেহ জানালার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। সোহেল মিয়া উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা গ্রামের আহসান উল্লাহ মিয়ার ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোহেল মিয়া দীর্ঘদিন যাবত ডিসপুরি ইসলামপুরের অলিউল্লাহর বাড়িতে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়ির মালিক ও আশেপাশের রুমের ভাড়াটিয়াদের সাথে কথাও বলেন সোহেল। শুক্রবার সকাল ৯টার দিকে প্রতিবেশীরা রুমের দরজা খোলা অবস্থায় সোহেলের মরদেহ জানালার সাথে ঝুলানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। স্থানীয়রা ধারণা করছে ভোররাতের দিকে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে তারা।  

সোহেলের ভাই শরীফ জানান, তার ছোট ভাই সোহেল সুদ ও মাদক সেবন ও বিক্রি সঙ্গে জড়িত ছিল। এর কারণে সোহেল নিজের বাড়িতে না থেকে ডিসপুরি ইসলামপুরের অলিউল্লাহর বাড়িতে ভাড়া ছিলেন। মাদক অথবা সুদের পাওনা টাকাকে কেন্দ্র করে সোহেলকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছে।  

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, শুক্রবার সকালে সোহেল মিয়া নামে এক যুবকের মরদেহ জানালায় ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দু’তলা বিল্ডিং এর এক রুমের জানালায় ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।  মরদেহের ময়না তদন্তের রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। তবে মরদেহের শরীরের কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত