অভ্যুত্থানের পর শ্রীলঙ্কায় নির্বাচনে ৭০ শতাংশ ভোট

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ এএম

দুই বছর আগে নজিরবিহীন গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর পর প্রথম নির্বাচনে ভোট দিলেন শ্রীলঙ্কার জনগণ। গতকাল শনিবার স্থানীয় সকাল ৭টায় শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় কোথাও কোনো সংঘাত ও সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে ভোটার ১ কোটি ৭০ লাখ। আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৮ জন প্রার্থী।

দেশটির নির্বাচন কমিশন দপ্তর বলেছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৭০ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাতভর গণনা শেষে রবিবার নাগাদ আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।

দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের নতুন আইন অনুযায়ী, একজন ভোটার তিন প্রার্থীকে ভোট দিতে পারবেন। কোনো একজন প্রার্থী কমপক্ষে ৫০ শতাংশ বা এর চেয়ে বেশি ভোট পেলে, তাকে বিজয়ী ঘোষণা করা হবে। আর কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা ভোট হবে।

এনডিটিভি বলছে, নেতা বাছাইয়ের সুযোগের পাশাপাশি এই নির্বাচনকে দেশটির ভবিষ্যৎ অর্থনৈতিক সংস্কারের নির্ধারক হিসেবেও দেখা হচ্ছে। গোতাবায়ার পর দায়িত্ব নেওয়া বর্তমান বিক্রমাসিংহের সরকার অর্থনৈতিক সংকট কীভাবে মোকাবিলা করেছে এবং মাঝারি মানের যে উন্নতি দেখা যাচ্ছে, আগামী নির্বাচনকে মূলত তার ওপর একটি গণভোট হিসেবে দেখা হচ্ছে।

বিভিন্ন জরিপ ও দেশটির সংবাদমাধ্যমগুলোর ভাষ্য, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। গোতাবায়া রাজাপক্ষে দেশ ছাড়ার পর পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ভোটের আগে শতাধিক সমাবেশ করেন বিক্রমাসিংহে।

শক্ত অবস্থানে আছেন বিরোধী দল সঙ্গীজন বালাওয়েগার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসাও। তিনি সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসার ছেলে। রানাসিংহে ১৯৯৩ সালে গৃহযুদ্ধের সময় আততায়ীর হাতে নিহত হন। সাজিথ প্রেমাদাসা এই নির্বাচনে বেশ ভালো করবেন বলে মনে করা হচ্ছে।

লড়াইয়ে এগিয়ে থাকা আরেক প্রার্থী হলেন ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনূঢ়া কুমার দিসানায়েক। একসময় প্রান্তিক পর্যায়ে চলে যাওয়া মার্ক্সবাদী দলের নেতা তিনি। তবে শ্রীলঙ্কার সংকট অনূঢ়া কুমার দিসানায়েকের জন্য একটি সুযোগ হিসেবে দেখা দিয়েছে।

রাজাপাকসে পরিবার থেকে প্রার্থী হয়েছেন ৩৮ বছর বয়সী নামাল রাজাপাকসে। এই পরিবার থেকে অতীতে দুজন প্রেসিডেন্ট ছিলেন। একজন হলেন নামালের বাবা মাহিন্দা রাজাপাকসে আর অন্যজন চাচা গোতাবায়া রাজাপাকসে। নামাল লড়ছেন শ্রীলঙ্কান পদুজন পেরামুনা (এসএলপিপি) দল থেকে। এই দলের প্রতিষ্ঠাতা তার আরেক চাচা বাসিল রাজাপাকসে।

পিপলস স্ট্রাগল অ্যালায়েন্স থেকে লড়ছেন ৪০ বছর বয়সী নুয়ান বোপেজ। গোতাবায়া-বিরোধী গণবিক্ষোভে অংশ নেওয়া ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন তিনি। নির্বাচনী ইশতেহারে দুর্নীতিবিরোধী কড়া অবস্থান ঘোষণা করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত