উত্তরায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার ৩

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম

সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে উত্তরার এক বাড়ি থেকে নগদ ১ কোটি ১৬ লাখ টাকা এবং বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ওই বাড়ি থেকে দুটি দামি গাড়ি এবং ‘পুলিশ’ লেখা দুটি জ্যাকেটও জব্দ করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ৩ জন হলেন শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম। তাদের দেওয়া তথ্য মতে, জব্দ দেশি-বিদেশি মুদ্রা এবং গাড়ি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এবং তার স্বজনদের।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, গোপন তথ্য ছিল উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে পুলিশের বুলেটপ্রুভ জ্যাকেটসহ অস্ত্র গুলি রয়েছে। এই তথ্যের ভিত্তিতে রবিবার সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম সেই বাসায় প্রবেশ করে। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, অভিযানে নগদ ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, বিপুল অঙ্কের বিভিন্ন বৈদেশিক মুদ্রা, হ্যারিয়ার এবং ল্যান্ড ক্রুজার মডেলের দুটি গাড়ি জব্দ করা হয়। এ সময় গ্রেপ্তার তিনজন জানিয়েছেন, এসব অর্থ ও সম্পদ সাবেক সংসদ সদস্য হাবিব হাসান এবং তার স্বজনদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত