পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নদী দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২৩ সেপ্টেম্বর) কুমিল্লার বুড়িচং উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত গোমতী নদীর ভাঙন এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তাৎক্ষণিক তালিকা অনুযায়ী দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন রিজওয়ানা হাসান। সেই সঙ্গে দেশের সব নদী দখলমুক্ত করতে দুই মাসের মধ্যে কর্মপরিকল্পনা জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বিভাগীয় কমিশনারদের।
তিনি বলেন, ভারতের কাছ থেকে বন্যা ও বৃষ্টিপাতের তথ্য চাওয়া হবে। পানি ভাগাভাগির বিষয়ে আলোচনা হতে পারে কিন্তু কখন গেট খোলা হবে তা জানাতে সমস্যা হওয়ার কথা নয়। ভারত ছাড়াও নদীভিত্তিক অন্যান্য দেশকে নিয়ে বহুপাক্ষিক আলোচনারও উদ্যোগ নেওয়া হবে।
ভাঙনের বর্তমান অবস্থা পর্যালোচনা করে তিনি দ্রুত সমাধানের নির্দেশ দেন এবং স্থানীয় জনগণের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শোনেন। এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পানিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাপপ্রবাহ কমার আভাস, রয়েছে বৃষ্টির সম্ভাবনা