কোহলি-গম্ভীরদের সঙ্গে একই ফ্লাইটে কানপুরে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮ এএম

দক্ষিণ থেকে যাত্রা উত্তরের পথে। বঙ্গোপসাগর পাড়ের চেন্নাই শহর থেকে গন্তব্য উত্তর প্রদেশের কানপুর। মাঝে দিল্লিতে বিমান বদল। ভারতের রাজধানী থেকে কানপুরের ৫০ মিনিটের বিমানযাত্রাতেই হঠাৎ সহযাত্রী হয়ে গেলেন তিন ‘দিল্লি কা লন্ডা’। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং চেন্নাইতে সেঞ্চুরি করা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত; তিনজনই দিল্লির ছেলে। চেন্নাই টেস্ট চতুর্থ দিন সকাল সকাল শেষ হতেই তারা উড়াল দিয়ে এসেছিলেন নিজের শহরে। মধ্যে একটা দিন ছুটি কাটিয়ে কাল ফের দলের সঙ্গে যোগ দিয়েছেন কানপুরে।

ইন্ডিগো এয়ারলাইনসের ৬ই৫৩৯৬, এই একটাই ফ্লাইট সারা দিনে দিল্লি থেকে কানপুরের। দুপুর পৌনে ১টায় ছাড়ার কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে ফ্লাইটের সময় পেছাল। শুরুতে ৩০ মিনিট, এরপর আবার ১০ মিনিট। খানিকটা বিরক্তি নিয়েই যাত্রীরা উঠলেন বিমানে। সব যাত্রীর বোর্ডিং করা যখন শেষ, তখন শেষ মুহূর্তে বিমানের দরজায় সাদা টি-শার্ট গায়ে সানগ্লাস চোখে উদয় হলেন বিরাট কোহলি। সঙ্গে গম্ভীর, একটু পর দেখা গেল পান্তকেও। অভ্যন্তরীণ ফ্লাইটে বিজনেস ক্লাস নেই, সামনের সারির তিনটি সিটেই বসলেন তিন ক্রিকেটার। পেছনে বিসিসিআই-এর নিরাপত্তাকর্মী ও আরেকজন কর্মকর্তা বা ম্যানেজার গোছের কেউ হবেন। তার কাছেই বিমানবালা থেকে অনেক সহযাত্রীই আবদার করেছেন অটোগ্রাফ এনে দেওয়ার। বিমানবালার কানে কানে কী যেন বলার পর একবার তাকে উঠে গিয়ে অটোগ্রাফ সই করিয়ে আনতেও দেখলাম, কারণ ভদ্রলোক বসেছিলেন পাশের সিটেই!

৫০ মিনিটের ফ্লাইটে কোহলি-গম্ভীররা নিজেদের ভেতর আড্ডা দিয়েই কাটিয়ে দিলেন। বিমান মাটি ছুঁতেই নিরাপত্তাকর্মী ব্যস্ত হয়ে পড়লেন তাদের অটোগ্রাফ এবং সেলফি শিকারিদের হাত থেকে বাঁচিয়ে নিরাপদে বের করে নিতে। টারম্যাকে গাড়ি আনার অনুরোধ করছিলেন সঙ্গের মানুষটি, কিন্তু কানপুরের ছোট্ট বিমানবন্দরে সেই সুবিধা নেই। তাই বিমান থেকে নেমে হেঁটে হেঁটেই অ্যারাইভ্যাল হলে চলে গেলেন ত্রিমূর্তি। তাদের সঙ্গে নিরাপদ দূরত্ব তৈরি হওয়ার আগ পর্যন্ত অন্য যাত্রীদের বিমান থেকে বের হতে দেওয়া হয়নি।

ব্যাগপত্তর বুঝে নিতে নিতেই মুম্বাই থেকে কানপুরের ফ্লাইট অবতরণ করল। সেই বিমানে  এসেছেন রোহিত শর্মা, কে এল রাহুল, শুবমান গিল ও ভারতের ব্যাটিং কোচ অভিষেক নায়ার। রোহিত ও অভিষেক একদম ‘আমচি মুম্বাই লোকাল’; রাহুল ম্যাঙ্গালোরের হলেও সিনেতারকা সুনিল শেঠির মেয়ে আথিয়া শেঠিকে বিয়ে করে মুম্বাইতেই স্থায়ী। আর শুবমানেরও বি-টাউনের সেলিব্রেটিদের সঙ্গে গুঞ্জন কম চলছে না!

বাংলাদেশ দলের ক্রিকেটার, কর্মকর্তা, আইসিসির ম্যাচ অফিশিয়াল এবং ভারতীয় দলের বাকি খেলোয়াড় ও কর্মকর্তাদের নিয়ে চেন্নাই থেকে উড়ে আসা চার্টার্ড ফ্লাইট কানপুরে নামে বিকেল সাড়ে ৪টার দিকে। বিমানবন্দরে ছিল কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী এবং স্থানীয় পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনী, এরপর পুলিশি পাহারাতেই দুই দল চলে যায় টিম হোটেলে। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হওয়ার প্রতিবাদে কানপুরে ভারত-বাংলাদেশ টেস্টকে ঘিরে বিক্ষোভ ও প্রতিবাদের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। কানপুর বিমানবন্দর ছাড়ার আগেই মুঠোফোনে খবর এলো, গোয়ালিয়রে একই কারণে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দিন বন্ধ ডেকেছে সংগঠনটি। এমন অবস্থায় বাংলাদেশ থেকে যাওয়া সাংবাদিকরা পড়েছেন সমস্যায়, অনলাইনে বুকিং থাকার পরও বাংলাদেশের পাসপোর্টধারীদের ফিরিয়ে দিয়েছে একাধিক হোটেল। সহযাত্রী হয়ে আসা ভারতের অন্যান্য প্রদেশের সাংবাদিকরাও পরামর্শ দিচ্ছেন বিনা প্রয়োজনে হোটেলের বাইরে না যাওয়ার।

কানপুরে এই প্রথম খেলতে এলো বাংলাদেশ দল। এর আগে কোনো সংস্করণেই খেলা হয়নি এই মাঠে। মফস্বলের ছাপ লেগে থাকা শহরটায় মুগ্ধতার কোনো সুযোগ নেই, সেই সঙ্গে বাড়তি নিরাপত্তাসংক্রান্ত উৎকণ্ঠা মানেই হোটেল-মাঠ-হোটেল এর চক্র। যে চক্র থেকে পরের ভেন্যুতেও মুক্তি মিলবে না বলেই আশঙ্কা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত