কিশোরগঞ্জে দুই টোব্যাকো কোম্পানি সিলগালা, ৪ লাখ টাকা জরিমানা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭ পিএম

কিশোরগঞ্জে দুই দফা অভিযানে প্রায় ১৫ লাখ শলাকা অবৈধ সিগারেট ও প্রায় সাড়ে ১২ লাখ নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করেছে যৌথবাহিনী। যার বাজারমূল্য ২১ কোটি টাকারও বেশি। অনিয়মের অভিযোগে হ্যারিটেজ টোব্যাকো ও তারা ইন্টারন্যাশনাল নামে দুই প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে প্রতিষ্ঠান দুইটিকে সিলগালা করে দেওয়া হয়।

কর ফাঁকি দিয়ে এসব সিগারেট বাজারজাত করার পরিকল্পনা ছিল দুই টোব্যাকো কোম্পানির। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও স্থানীয় প্রশাসনের অনুরোধে গত মঙ্গলবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত কুলিয়ারচর ও ভৈরবে অভিযান চালায় যৌথবাহিনী। যৌথ অভিযানের নেতৃত্ব দেন লে. কর্নেল ফারহানা আফরিন। অভিযানে দুটি কারখানা থেকে ১৪ লাখ ৭৯ হাজার ৮২০ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ সিগারেট এবং ১২ লাখ ২৫ হাজার অবৈধ ট্যাক্স স্ট্যাম্প জব্দ করা হয়।

গতকাল দুপুরে কুলিয়ারচরে হ্যারিটেজ টোব্যাকো কোম্পানিতে করা অভিযানে জাল ব্যান্ডরোল ও ব্যবহার করা ব্যান্ডরোলের সন্ধান পায় যৌথবাহিনী। এ ছাড়া কারখানার বর্জ্য যায় নদীতে। যার মাধ্যমে নদীতে দূষণ ছড়িয়ে পড়ছে। নকল পণ্য উৎপাদনের অভিযোগে হ্যারিটেজ টোব্যাকো কোম্পানিকে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।  এ ছাড়া নকল সন্দেহে ১ লাখ ৬০ হাজার শলাকা সিগারেট, ১১ লাখ ৭২ হাজার অবৈধ রাজস্ব স্ট্যাম্প ও ৭ হাজার কেজি সেলুলোজ অ্যাসিটেট  জব্দ করা হয়।

অভিযানে যৌথবাহিনীর সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট নরসিংদীর বিভাগের উপকমিশনার সোহেল রানা, কিশোরগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন।

এর আগে বেলা ১১টার দিকে ভৈরব উপজেলার শম্ভুপুরে তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো কোম্পানিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। ভৈরব উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিদওয়ান আহমেদ জানান, ওই কারখানায় জাল ব্যান্ডরোল পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে ৫৩ হাজার অবৈধ রাজস্ব স্ট্যাম্প এবং নকল সন্দেহে ১৩ লাখ ১৯ হাজার ৮২০ শলাকা সিগারেট জব্দ করা হয়। পরে নকল পণ্য উৎপাদনের অভিযোগে তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত