ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গতকাল বুধবার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আমিনুল ইসলাম বাচ্চু নামের এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। একই দিনে বরিশাল নগরীর একটি ড্রেন থেকে এক যুবলীগ নেতার ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চরভদ্রাসনে নিহত আমিনুল ইসলাম বাচ্চু (৩৫) উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোদ্ধা গ্রামের মোজাহার শেখের ছেলে।
এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আমিনুল এবং আজিজ মুন্সি ও তার পক্ষের লোকজনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকাল ৮টার দিকে সায়ের বাজার এলাকায় আমিনুল ও তার চাচাতো ভাই আজিজ মুন্সির পক্ষের লোকজনের মধ্যে জমি নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় আজিজ মুন্সির লোকজন আমিনুলকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন।
বরিশাল নগরীর বটতলা বাজার এলাকার একটি ড্রেন থেকে গতকাল সকালে মোহাম্মদ মোমিন মিয়া (৩২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নগরীর রুইয়ার পোল এলাকার বাসিন্দা আবুল খায়ের ধলু মিয়ার ছেলে ও ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম মুন্নার ছোট ভাই।
কোতোয়ালি মডেল থানার এসআই এইচএম সজল বলেন, মঙ্গলবার রাতে বাসা থেকে বের হন মোমিন। বুধবার সকালে বটতলা বাজারসংলগ্ন আব্দুল হামিদ মিয়া সড়কের ড্রেনে তার মরদেহ ভাসছিল। নিহতের ভাই যুবলীগ নেতা শহিদুল ইসলাম মুন্না বলেন, ‘শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করছি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে মোমিন। ময়নাতদন্ত প্রতিবেদনে
যদি হত্যার বিষয় আসে, তাহলে মামলা করা হবে।’
