মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ^রী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছেন বাবা ও মেয়ে। নিখোঁজ বাবা ব্যবসায়ী মহিদুর রহমান (৫০) এবং মেয়ে রাফসা (১২)। গতকাল বুধবার সকালে বায়রা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে ধলেশ^রী নদীর খেয়াঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ বাবা ও মেয়ে ইউনিয়নের চর নয়াবাড়ী গ্রামের বাসিন্দা।
জানা যায়, ব্যবসায়ী মহিদুর রহমান তার মেয়েকে সাঁতার শেখাতে বাড়ির পাশের নদীতে যান। এ সময় পেটে দুটি বোতল বেঁধে মেয়েকে নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর বোতলের মুখ খুলে পানি ঢুকলে তলিয়ে যায় রাফসা। তারপর মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাবা মহিদুরও নিখোঁজ হন। এ ঘটনায় খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে সকাল ১০টায় যোগ দেয় সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।
