পরিবেশ উপদেষ্টা বললেন

পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে ভারতের সঙ্গে বৈঠক হবে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ এএম

পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে ভারতের সঙ্গে দ্রুতই বৈঠকে বসা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘অভিন্ন জলরাশিতে কত ধরনের স্থাপনা রয়েছে, কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পানির পরিমাণ কত? এ তথ্যগুলো আমাদের পেতেই হবে।’

গতকাল বুধবার বিশ^ নদী দিবস উপলক্ষে ‘অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার’-বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘আন্তর্জাতিক নদীতে আমার ভাগের একটি হিসাব রয়েছে। আমরা পানির এই হিস্যা নিয়ে মানুষের কথা শুনে আলোচনার পয়েন্টগুলো নির্ধারণ করব। আমরা অবশ্যই ভারতের সঙ্গে বসে এসব বিষয়ে আলাপ-আলোচনা খুব দ্রুতই করতে চাই।’

তিনি আরও বলেন, ‘উজান থেকে পানি নেমে আসার তথ্য জানার জন্য আন্তর্জাতিক আইন থাকার দরকার নেই। এটা আমার দেশের প্রথাগত অধিকার। এটা ঠিক, আমরা বন্যা আটকাতে পারব না। কিন্তু আগাম তথ্য জানতে পারলে, সতর্ক থাকতে পারব। জলবায়ু পরিবর্তনের এ সময় প্রলয়ংকরী বন্যা বাড়বে। তাই ভারত, নেপাল, চায়না থেকে এসব তথ্য পাওয়া আমাদের অধিকার।’

রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের সভাপতি মোহাম্মদ এজাজ তার প্রবন্ধে বলেন, গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকার উজানে ভারত, নেপাল এবং চীনের অংশে নদ-নদীকে একতরফাভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাঁধ দিয়ে পানি সরিয়ে নেওয়ায় এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ড্যাম তৈরি করে পানি সরিয়ে নেওয়ার কারণে বাংলাদেশের নদীগুলোর পানিপ্রাপ্য ও নাব্য শুষ্ক মৌসুমে ব্যাপকভাবে কমেছে। শুধু গঙ্গা নদীর অববাহিকা জুড়ে ভারত ১৮০টির বেশি বাঁধ দিয়েছে। উত্তর-পূর্ব ভারতের সেভেন সিস্টার্স এলাকায় বয়ে যাওয়া অভিন্ন নদীতে ভারতের প্রায় ৩০টি বাঁধ, ড্যাম ও পানির সংরক্ষণাগার রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত