‘ভিন্ন মতাদর্শ লালনের অধিকার দিতে হবে’ চবিতে ফরহাদ মজহার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৯ পিএম

‘কোন রাষ্ট্রে সংগঠিত গণঅভ্যুত্থান হলো সেখানে বলপ্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি শাসনের পতন ঘটানো’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত গণঅভ্যুত্থান, রাজনৈতিক জনগোষ্ঠী গঠন ও রাষ্ট্রের পুনর্গঠন শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন কবি, বুদ্ধিজীবী ও দার্শনিক ফরহাদ মজহার। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চবির সমকাল অধ্যয়ন কেন্দ্রের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আরও আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজী। 

আলোচনায় ফরহাদ মজহার বলেন, ‘একজন নাগরিক হিসেবে রাজনৈতিক ভিন্ন মতাদর্শ লালন করার অধিকার দিতে হবে। কথা বলার অধিকার দিতে হবে। এই কথা বলাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ কিছু কুকুরকে যদি একটি বিস্কুট ছুড়ে দেন তখন তারা ভাগাভাগি করে খাবে না, কামড়া-কামড়ি করে নিজেরটা নিজেই খাবে অন্য কাউকে দেবে না, একে অপরের সাথে কথা বলে সমাধান করতে পারবে না। কারণ তারা কথা বলতে পারে না। অপরদিকে মানুষের মধ্যে যখন কিছু বিলি করে দেওয়া হয় তখন তারা একে অপরের সাথে কথা ভাগাভাগি করে খেতে পারবে, কারণ তারা কথা বলতে পারে।’

তিনি আরও বলেন, ‘ইসলাম মসজিদে বসেই শাসনকার্য পরিচালনা করেছে। অথচ আজ মসজিদের ভেতরে লেখা থাকে ‘এখানে দুনিয়াবি আলাপ নিষেধ’। ইসলাম তো শুধু মসজিদে বসে ইবাদতের জন্য আসেনি। এসেছে মসজিদ থেকে পুরো দুনিয়া পরিচালনার জন্য। এমন হলে রাসুল (সা.) শুধু হেরা গুহায় বসেই ধ্যান করে আল্লাহর নৈকট্য লাভ করে জান্নাত লাভ করতে পারত। কিন্তু তিনি সেটা না করে নিচে নেমে এসে ইসলাম প্রচার করে মক্কা বিজয় করে এবং মদিনায় ইসলাম প্রতিষ্ঠা করেছেন।’

চবির সমকাল অধ্যয়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত