কুড়ি-বিশে অনন্য বিশ্বে

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯ এএম

বাংলাদেশের ক্রিকেটের একটি যুগের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে সাকিব আল হাসানের অবসর ঘোষণার মাধ্যমে। গতকাল বৃহস্পতিবার কানপুরে লাল বলে নিজের সীমারেখা টেনে দিয়েছেন সাকিব। একই সঙ্গে জানিয়েছেন, ব্যতিক্রমী কিছু না ঘটলে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটিই এই ফরম্যাটে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে যাবে। তবে ভবিষ্যতে দেশের ‘প্রয়োজনে’ এই ফরম্যাটে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন সাকিব। সেটা যদিও নাও ঘটে দেড় যুগের ক্যারিয়ারে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সাকিব যেসব কীর্তি গড়েছেন, তা ক্রিকেট ইতিহাসেই অমলিন হয়ে থাকবে।

২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল সাকিবের। দেশের হয়ে খেলেছেন ১২৯টি ম্যাচ। ব্যাট হাতে ১৩ ফিফটি এবং ২৩.১৯ গড়ে করেছেন ২ হাজার ৫৫১ রান। তার স্ট্রাইকরেট ১২১.১৮। ছক্কা মেরেছেন ৫৩টি আর বাউন্ডারি ২৫৮টি। ক্যাচ নিয়েছেন ৩১টি। বল হাতে মাত্র ৬.৮১ ইকোনমিতে নিয়েছেন ১৪৯ উইকেট। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে সাকিবের ২৫০০ রান আর শতাধিক উইকেট আছে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২ বার ম্যাচসেরা হয়েছেন সাকিব। এই রেকর্ডে বাংলাদেশে তার ধারেকাছেও কেউ নেই। বিশ্বের বিচারে সাকিবের অবস্থান ৯ নম্বরে। ১৬ বার ম্যাচসেরা হয়ে শীর্ষে আছেন ভারতের সূর্যকুমার যাদব। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সিরিজসেরাও হয়েছেন সাকিব। তিন সংস্করণ মিলে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন ১৭ বার।

২০০৭ সালে শুরু হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর ২০২৪ সাল পর্যন্ত ৯টি আসর হয়েছে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি সবগুলো বিশ্বকাপ খেলেছেন। বিশ্বকাপে মোট ৪৩ ম্যাচে ৮৩৫৩ রানের পাশাপাশি নিয়েছেন ৫০ উইকেট। বিশ্বকাপ ম্যাচের সংখ্যায় তার ওপর আছেন কেবল ভারতের রোহিত শর্মা (৪৭)। উইকেট শিকারে সাকিবই বিশ্বের সেরা। ৩৯ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সময় নাম্বার ওয়ান অলরাউন্ডার হওয়ার রেকর্ডটিও তার দখলেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত