কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মোজাফফর হোসেন (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন।
এর আগে গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার বাগভা-ার সীমান্ত এলাকার ভোটহাট বাজার থেকে তাকে আটক করা হয়। মোজাফফর হোসেন ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ উপজেলার মাদারগঞ্জ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
বিজিবি জানায়, গত বুধবার রাতে লালমনিরহাট বিজিবির আওতাধীন বাগভা-ার বিওপির সীমানা পিলার ৯৫৭-এর কাছ দিয়ে দুজন ভারতীয় নাগরিক অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশের ৬০০ গজ অভ্যন্তরে ভোটহাট বাজারে চলে আসে। এমন সংবাদের ভিত্তিতে বাগভা-ার বিওপি ক্যাম্পের একটি দল তাদের চ্যালেঞ্জ করলে একজন দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়, অপরজনকে আটক করে বিজিবি।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আজ (গতকাল) বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়।
