জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিশুর

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ এএম

কক্সবাজারের রামুতে জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় দুই বছরের এক শিশু প্রাণ হারিয়েছে। তার নাম মোহাম্মদ তানজিম। এ ঘটনায় শিশুটির মা রুবিনা আক্তার (৩২) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কক্সবাজার-টেকনাফ সড়কের দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্ম্যারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘সকালে  প্রশাসনিক কাজে গাড়িতে করে উখিয়া যাচ্ছিলাম। আমাদের গাড়িটি রামু উপজেলার কাইম্ম্যারঘোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে পথচারী মা ও সন্তানের গায়ের ওপর ছিটকে পড়ে। এ ঘটনায় মা ও শিশু আহত হয়। পরে আমি নিজে গাড়ি থেকে নেমে সঙ্গে থাকা লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসি। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি আমাদের বহনকারী গাড়িটির ডান পাশে ছিল। কিন্তু মোটরসাইকেলটি আচমকা বেপরোয়া গতিতে বামে এসে আমাদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে অপ্রীতিকর এ ঘটনা ঘটেছে।’ তিনি আরও বলেন,  হতাহতদের চিকিৎসাসহ সার্বিক সহায়তা দেওয়া হবে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান জানান, দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। তার মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত