যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে অঞ্চলগুলোতে আঘাত হানা দেশটির ইতিহাসের অন্যতম শক্তিশালী হারিকেন ‘হেলেন’-এর তাণ্ডবে অন্তত ৪৩ জন মারা গেছেন। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে এসব অঞ্চলের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
গত বৃহস্পতিবার রাতে ফ্লোরিডায় ব্যাপক তাণ্ডবের পর জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ৪ ক্যাটাগরির ঘূর্ণিঝড়টি। ঘন্টায় ২২৫ কিমি বেগে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড়টি। শুক্রবার সকাল থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ দৃশ্যমান হতে থাকে।
পৃথক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও রয়টার্স।
হারিকেন হেলেনের কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৩৫ লাখ ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এই ঝড়ের তাণ্ডবে কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছে বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ধ্বংস হয়েছে বাড়ি ও রাস্তাঘাট। কোথাও কোথাও ভূমিধসের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত অঞ্চলে নৌকা, হেলিকপ্টার ও বড় গাড়ির সাহায্যে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ এবং দমকলকর্মীরা ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে থেকে মানুষদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
তবে হেলেনের প্রভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় অনেক এলাকায় বিপর্যয়কর বন্যা সৃষ্টি হয়েছে। এতে করে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।
নক্সভিলের প্রায় ১২০ মাইল (২০০ কিমি) উত্তর-পূর্বে, টেনেসির ইউনিকোই কাউন্টির একটি হাসপাতালের ছাদ থেকে ৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের কর্মকর্তারা।
এছাড়া শুক্রবার জর্জিয়ার গভর্নর জানান, রাজ্যজুড়ে ১৫০টিরও বেশি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, ১৩০০টি ট্র্যাফিক সিগন্যাল বন্ধ রয়েছে এবং অনেক মানুষ ভবনগুলোতে আটকা পড়েছেন।
ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) তথ্যমতে, হেলেনের প্রভাবে ফ্লোরিডা উপকূলের কোথাও কোথাও ১০-১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়েছে। এছাড়া ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনার বিস্তীর্ণ এলাকায় তীব্র বাতাস ও ভারী বৃষ্টি হচ্ছে।
