সুনামগঞ্জ সদর উপজেলার বুড়িডাক্কুয়া হাওরে প্রতি বছরই ফসল রক্ষা বাঁধ কেটে মাছ শিকার করছে একটি চক্র। এতে ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে শত কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধ।
সরেজমিনে দেখা যায়, বুড়িডাক্কুয়া হওরের ফসল রক্ষা বাঁধের প্রায় ১৫০ ফুট কেটে মাছ শিকার করা হচ্ছে। নিয়ামতপুর গ্রামের মুজিব মিয়ার নেতৃত্বে রাতে এই বাঁধ কেটে দেওয়া হয়। পরে তারা বাঁধের মধ্যবর্তী স্থানে বাঁশ-চাটাই দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ শিকার শুরু করে। এ কাজে মুজিব মিয়ার অন্য সহযোগীরা হলেন জুয়েল মিয়া ও আয়না মিয়া। এ ঘটনায় জনস্বার্থে ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে উপজেলা প্রশাসন তা সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে পাঠায়।
অভিযুক্ত মুজিব মিয়া বলেন, ‘আমরা বাঁধ কাটিনি। পানির চাপে বাঁধ ভেঙে গেছে। বাঁধ ভাঙার পর আমরা এখানে বাঁশ-চাটাই দিয়ে মাছ ধরছি। আমরা কোনো অবৈধ কাজ করছি না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) সুকান্ত সাহা বলেন, ‘আমি নতুন দায়িত্ব নিয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
